গতকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘প্রবাসী উৎসব’। এ উৎসব আয়োজনে অংশ নিতে গতকাল সকালে উড়াল দিয়েছেন তারকা জুটি মৌসুমী-ওমর সানী। আজ তারা দুজন প্রবাসী উৎসবে অংশ নেবেন। এ নিয়ে মৌসুমী বলেন, ‘আমি আর সানী প্রবাসী উৎসবে অংশগ্রহণ করছি। তবে আমরা কোনো

পারফরম্যান্স করছি না। উৎসবে আমরা উপস্থিত থাকব, সময় কাটাব নিজেদের মতো করে। যারা এ উৎসব আয়োজন করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। প্রবাসী ভাইদের সঙ্গে এ আয়োজনে অংশগ্রহণ করে বেশ ভালো লাগছে। আমাদের প্রবাসী ভাইয়েরা তাদের পরিবারের জন্য, দেশের মানুষের জন্য দেশের বাইরে অনেক কষ্ট করেন। তারা রেমিট্যান্স যোদ্ধা। সেই ভাইদের আরো অনুপ্রেরণা দিতেই এখানে আসা।’ প্রবাসী উৎসবে থাকছে বাংলাদেশের ব্যাংক বাজার, রেমিট্যান্স বিষয়ে আলোচনা, চিত্রাঙ্কন, পিঠা প্রতিযোগিতা, ফ্যাশন শো, ফোক ফেস্ট, ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত থাকছে মেলার আয়োজন। এবারের প্রবাসী উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান, এমপি।

জনপ্রিয় তারকা জুটি মৌসুমী-ওমর সানী অভিনীত ও জাহিদ হোসেন পরিচালিত ‘সোনার চর’ সিনেমার কাজ শেষ হয়েছে। ওমর সানী অভিনীত রফিক শিকদার পরিচালিত ‘বসন্ত বিকেল’ সিনেমাটিও শিগগরিই মুক্তি পাবে। দীর্ঘদিন পর ওমর সানী অভিনীত কোনো সিনেমা মুক্তি পাচ্ছে। অন্যদিকে আগামী ৪ নভেম্বর মুক্তি পাবে মৌসুমী অভিনীত মির্জা সাখাওয়াত হোসেন পরিচালিত ‘ভাঙ্গন’ সিনেমাটি। মৌসুমী অভিনীত ‘সোনার চর’ ও আশুতোষ সুজন পরিচালিত ‘দেশান্তর’ সিনেমা দুটিও মুক্তির অপেক্ষায়।