অস্কারজয়ী নির্মাতা মার্টিন স্করসেসি। অনেক প্রশংসিত সিনেমা আছে তার ঝুলিতে। তবে সেখানে আরো দুটি ক্ল্যাসিক সিনেমার ঠাঁই হতে পারত। কিন্তু সিনেমাগুলো নির্মাণের প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছিলেন। সিনেমা দুটি পরবর্তী সময়ে তুমুল জনপ্রিয়তার ধারাবাহিকতায় কাল্টে পরিণত হয়। স্করসেসি সম্প্রতি জানান, ‘দ্য গডফাদার’ সিনেমার সিকুয়াল নির্মাণের প্রস্তাব তার কাছে এসেছিল। পাশাপাশি স্টিভেন স্পিলবার্গ পরিচালিত ‘শিন্ডলার্স লিস্ট’ সিনেমা তৈরির প্রস্তাবও তিনি পেয়েছিলেন। এমনকি গডফাদারের পরিচালক ফ্রান্সিস ফোর্ড কপোলা স্বয়ং তাকে ‘গডফাদার টু’ পরিচালনা করতে বলেছিলেন। ডেডলাইনকে দেয়া এক সাক্ষাৎকারে স্করসেসি বলেন, ‘আমি মনে করি না, সে সময় ওই মাত্রার একটি সিনেমা আমি নির্মাণ করতে পারতাম। সে সময় আমি ততটা যোগ্য ছিলাম না। ‘‘গডফাদার টু’’ খুবই চমৎকার ও নিপুণ একটি সিনেমা। একই সঙ্গে এটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। আমি মনে করি না, সে সময় আমি সিনেমাটি পরিচালনা করতে পারতাম। এখন আমি হয়তো ভালো কিছু তৈরি করতে পারি। কিন্তু কপোলা তখনই বেশ অভিজ্ঞ ও সমৃদ্ধ ছিলেন।’

সাক্ষাৎকারে এ বিষয়ে আরো বিস্তারিত বলেন মার্টিন স্করসেসি। তিনি বলেন, ‘উচ্চ পর্যায়ের আন্ডারওয়ার্ল্ড ব্যক্তিদের চিত্রিত করতে আমি তখনো স্বচ্ছন্দ ছিলাম না। নিম্নস্তরের অপরাধীদের ব্যাপারে আমার অভিজ্ঞতা ছিল। নিচের স্তরেও অনেক দুর্ধর্ষ অপরাধী ছিল। আমি তাদের নিয়ে কাজ করতে পারতাম। এমনকি ‘গুডফেলাস’ সিনেমায় আমি মূলত তাদের নিয়েই কাজ করেছি। তাদের মাঝেই আমি বেড়ে উঠেছি। বোর্ডরুমে বা বড় একটি টেবিলের চারপাশে বসে আলোচনা করা ব্যক্তিদের সঙ্গে আমার তখনো পরিচয় ঘটেনি। এটি অন্য মাত্রার। আর সে সময় কপোলার সে অভিজ্ঞতা ছিল। আমি যে জগৎ থেকে এসেছি, তিনি সে জগৎ থেকে আসেননি। ‘‘গডফাদার টু’’ সিনেমার গল্প থমাস ম্যালোরির “লা মর্তে ডে আর্থার”-এর মতো। এটি চমৎকার একটি শিল্পকর্ম।’ 

সাক্ষাৎকারে স্করসেসির কাছ থেকে জানতে চাওয়া হয়, কেন তিনি ‘শিন্ডলার্স লিস্ট’ সিনেমাটি পরিচালনা করেননি। উত্তরে তিনি জানান, সিনেমাটির চিত্রনাট্য রচনায় তিনি জড়িত ছিলেন। এটি তার পরিচালনা করারও কথা ছিল। কিন্তু এতে যে রাজনীতি দেখানো হয়েছে, তা নিয়ে তার আপত্তি ছিল। তাই তিনি সিনেমাটির নির্মাণ থেকে সরে আসেন।

সূত্র ও ছবি: দি ইন্ডিয়ান এক্সপ্রেস