টলিপাড়ায় বাংলাদেশের শিল্পীদের কাজের সংখ্যা বাড়ছেই। একের পর এক তারকা কাজ করছেন ওপার বাংলার বিভিন্ন সিনেমা ও ওয়েব কনটেন্টে। মোশাররফ করিম কলকাতার সিনেমায় নাম লিখিয়েছেন অনেক আগেই। নতুন খবর হলো এবার তার দেখা মিলবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত সামাজিক উপন্যাস ‘আদর্শ হিন্দু হোটেল’ অবলম্বনে নির্মিত ওয়েব সিরিজে। অরিন্দম শীলের পরিচালনায় ওয়েব সিরিজের প্রধান চরিত্রে দেখা মিলবে মোশাররফ করিমের। এতে তাকে দেখা যাবে হাজারি ঠাকুরের চরিত্রে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অন্যতম আলোচিত উপন্যাস আদর্শ হিন্দু হোটেল। ১৯৪০ সালে প্রকাশিত এ উপন্যাসের প্রধান চরিত্র হাজারি ঠাকুর। মধ্যবয়সী বাঙালি ব্রাহ্মণ, পেশায় রাঁধুনি।

ভারতীয় সংবাদমাধ্যমে অরিন্দম বলেন, ‘পিরিয়ড ড্রামা না করলে বিভূতিভূষণের লেখার নির্যাসকে ঠিকমতো ফুটিয়ে তোলা যাবে না। এ ওয়েব সিরিজ যখন লেখা শুরু করলাম, তখন থেকেই মাথার ভেতর মোশাররফ করিমের নাম ঘুরছিল। পরে তার সঙ্গে যোগাযোগ করি। তিনি রাজি হয়ে যান।’

আদর্শ হিন্দু হোটেল উপন্যাসের আরেক গুরুত্বপূর্ণ চরিত্র পদ্ম। সিরিজে এ চরিত্রে অভিনয় করবেন অনন্যা চট্টোপাধ্যায়। এ ছাড়া অভিনয় করবেন লোকনাথ দে, শুভ্রজিৎ দত্ত, অসীম রায় চৌধুরী, রেশমি সেন, সামিউল আলম, ঊষশী রায়, অমিত সাহা, রাতশ্রী দত্ত প্রমুখ। ওয়েব সিরিজটি প্রযোজনা করবে ক্যামেলিয়া প্রডাকশন। ওটিটি প্লাটফর্ম ফ্রাইডের জন্য নিমির্তি হচ্ছে এটি। ডিসেম্বর-জানুয়ারির দিকেই এর শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা। এ মাসেই সিরিজটির শুটিং শুরু হওয়ার কথা ছিল। পূজায় নির্মাতা অরিন্দমের নতুন সিনেমা ‘জঙ্গলে মিতিন মাসি’ মুক্তি পাচ্ছে। সেটা নিয়ে ব্যস্ত আছেন তিনি। তাই সিরিজের শুটিং পিছিয়ে দেয়া হয়েছে। এবার দেখার পালা ওয়েব মাধ্যমের হাজারি ঠাকুরের চরিত্রে কীভাবে দর্শক মাতান মোশারর করিম।