নাটক, সিনেমা ও মঞ্চ সবকিছুতেই সমান পদচারণা গাজী রাকায়েতের। এবার তার সঙ্গে দেখা যাবে বিনোদন দুনিয়ার নিয়মিত মুখ আব্দুন নূর সজলকে। এবার রহস্য নিয়ে নাটকে হাজির হচ্ছেন তারা। নাটকের নাম ‘জওহরলালের ডায়েরি’।

একটা অন্ধকার ঘর। মেঝেতে আঁকা কিছু নকশা। চারপাশে জ্বলছে মোমবাতি। মন্ত্র পাঠ করছেন জওহরলাল। একটা পুরনো ট্রাংক খুলে ভেতর থেকে মাথার খুলি ও কয়েকটি হাড়সহ কিছু জিনিসপত্র বের করে মেঝেতে রাখছেন। এ জওহরলালের বয়স নাকি ৩০০ বছর। ২০০ বছর সাধনার পর তিনি এক শিষ্য খুঁজে পান, যার বয়স ১০০ বছর। নাম তার মোহনলাল। এ গুরু-শিষ্যকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘জওহরলালের ডায়েরি’। এতে জওহরলালের চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত। তার শিষ্য মোহনলালের চরিত্রে রয়েছেন আব্দুন নূর সজল। তাদের সঙ্গে আছেন সুমাইয়া অর্পা। অনুপম দাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন জামাল মল্লিক।

‘জওহরলালের ডায়েরি’ নিয়ে অভিনেতা আব্দুন নূর সজল বলেন, ‘‌নাটকটিতে দর্শক আমাকে দুটি রূপে দেখতে পারবে। আমি কখনো মোহনলাল, আবার কখনো ইমন। দুটি চরিত্রই দর্শকের খুব পছন্দ হবে।’

নাটকটি নিয়ে নির্মাতা বলেন, ‘জওহরলালের ডায়েরি মূলত তান্ত্রিকের গল্প। যে সাধনা করে তার এক শিষ্য খুঁজে পায়। শিষ্য তার কাছ থেকে সব শিখে তন্ত্রমন্ত্রগুলোর অপব্যবহার শুরু করে। এটা একটি রহস্যমূলক থ্রিলার গল্প। আমাদের সমাজে অনেকেই তান্ত্রিক বা কালো জাদুতে বিশ্বাস করে। তন্ত্রমন্ত্রের অপব্যবহার করে যে কত বড় ক্ষতি করা যায়, তার বিরুদ্ধে একটি বার্তা দর্শক এ নাটকে পাবে।’ সম্প্রতি উত্তরায় শেষ হয়েছে নাটকের শুটিং। এটি প্রযোজনা করেছে ক্রিয়েটিভ স্টেশন।