বই থেকে সিনেমা হয়ে জনপ্রিয়তা বেড়েছিল হ্যারি পটারের। সিনেমার পর এবার আসছে টেলিভিশন সিরিজ। যদিও এ নিয়ে নানা সন্দেহ ছিল। তবে এবার অফিশিয়ালি জানানো হয়েছে এইচবিও ম্যাক্সেই আসবে সিরিজটি। প্রেস ও বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলার সময় ওয়ার্নার ব্রোস ডিসকভারি এ তথ্য জানায়। ৩ এপ্রিল থেকেই এ নিয়ে কথা উঠেছিল। তবে যেহেতু ফ্যান্টাস্টিক বিস্টস নিয়ে নানাভাবে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিল প্রযোজনা প্রতিষ্ঠান, আবার নতুন সিরিজ আনার বিষয়ে শঙ্কা থাকেই। তবে এবার বিষয়টি নিশ্চিত করা হলো। পাশাপাশি সিরিজ কেমন হবে, তা নিয়েও ধারণা দেয়া হয়েছে।
আলাদা সিজনে ভাগ করা হবে পুরো সিরিজ। প্রতিটি সিজন হবে একেকটি বইয়ের ওপর ভিত্তি করে। এক্ষেত্রে ওয়ার্নার ব্রোসের বক্তব্য হচ্ছে সিরিজের দৈর্ঘ্য হবে ‘এক যুগব্যাপী’। স্বাভাবিকভাবেই এ সিরিজের কাস্টিং সিনেমা থেকে ভিন্ন হবে। এইচবিও ম্যাক্সের কনটেন্ট প্রধান কেইসি ব্লয়স বলেন, ‘হগওয়ার্টসকে একদম নতুন করে আবিষ্কারে দর্শককে সুযোগ দিতে পেরে আমরা খুশি। হ্যারি পটার একটি সাংস্কৃতিক প্রপঞ্চ সৃষ্টি করেছিল এবং কোনো সন্দেহ নেই, জাদুর দুনিয়ার প্রতি মানুষের অন্য রকম আকর্ষণ আছে। ওয়ার্নার ব্রোস ও জেকে রাওলিংয়ের সঙ্গে পার্টনারশিপে এ অরিজিনাল সিরিজটি বইয়ের গভীরে নিয়ে যাবে এর ভক্তদের।’
নতুন এ সিরিজের এক্সিকিউটিভ প্রডিউসার থাকবেন জেকে রোলিং নিজে। তার সঙ্গে থাকবেন নিল ব্লেয়ার ও রুথ কেনলি-লেটস। নতুন সিরিজ নিয়ে জেকে রোলিং বলেন, ‘আমার বইয়ের মূল ভাব ও সারকথা ঠিক রাখার প্রতিশ্রুতি দিয়েছে ম্যাক্স। এটা আমার জন্য গুরুত্বপূর্ণ। সিরিজে বইয়ের বিভিন্ন বিষয় গভীরভাবে দেখানো হবে, যা একটি দীর্ঘ সিরিজ ছাড়া করা অসম্ভব।’
ম্যাক্সসহ সবাই আশাবাদী, তারা একটি ভালো সিরিজ দর্শকদের উপহার দিতে পারবে।
সূত্র: ভ্যারাইটি










