সরকারি অনুদানে নির্মিত দুটি সিনেমার কাজ শেষ করেছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। একটি সিনেমার নাম ‘দায়মুক্তি’। আরেকটি ‘অসম্ভব’। বদিউল আলম খোকনের পরিচালনায় সরকারি অনুদানে নির্মিত দায়মুক্তি প্রযোজনা করেছেন মো. জসিম উদ্দিন। অন্যদিকে অরুণা বিশ্বাস পরিচালিত সরকারি অনুদানে নির্মিত ‘অসম্ভব’ সিনেমাটিতেও দেখা যাবে এ গুণী অভিনেতাকে। নির্মাণ শেষে এরই মধ্যে সেন্সর পেয়েছে সিনেমা দুটি। আগামী ২০ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে আবুল হায়াত অভিনীত ‘অসম্ভব’। তবে মো. জসীম উদ্দিন জানান, তার প্রযোজিত দায়মুক্তি সিনেমাটির মুক্তির কোনো তারিখ এখনো চুড়ান্ত না হলেও চলতি বছরে মুক্তি পেতে পারে।
আবুল হায়াত তার আসন্ন সিনেমা দুটি নিয়ে বলেন, ‘এরই মধ্যে বেশকিছু সিনেমায় কাজ করার জন্য প্রস্তাব এসেছে। কিন্তু কোনোটাই এখনো চূড়ান্ত হয়নি। তবে আমি খুব আশাবাদী অরুণা পরিচালিত অসম্ভব ও বদিউল আলম খোকন পরিচালিত দায়মুক্তি সিনেমা দুটি নিয়ে। দুটিই সরকারি অনুদানে নির্মিত। দুই নির্মাতাই অনেক পরিশ্রম করেছেন সিনেমাগুলো নিয়ে। আমি দুই সিনেমায়ই কাজ করে ভীষণ তৃপ্ত। আগামী অক্টোবরের শেষপ্রান্তে অরুণার সিনেমাটি মুক্তি পাবে। দায়মুক্তির মুক্তির তারিখ এখনো নির্ধারণ হয়নি। এর মধ্যে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে সবুরের নির্দেশনায় একটি বিজ্ঞাপনে কাজ করেছি। গত মাসেও কয়েকটি বিজ্ঞাপনে কাজ করেছি। সব মিলিয়ে আসলে কাজের মাঝেই নিজেকে ব্যস্ত রাখতে চাচ্ছি।’
আবুল হায়াত দীর্ঘ সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন। মঞ্চ, নাটক, সিনেমা ও বিজ্ঞাপনে নিয়মিত মুখ তিনি। জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের একাধিক নাটকে অভিনয় করেছেন তিনি। এর মধ্যে ‘মিসির আলি’ অন্যতম জনপ্রিয় একটি চরিত্র। তার প্রথম নাটক ইডিপাস ১৯৬৯ সালে বের হয়েছিল। এরপর একে একে ৫০০-র বেশি নাটকে অভিনয় করেছেন।










