এক সময়ের জনপ্রিয় নায়িকা কাজী শারমিন নাহার নূপুর। যদিও চলচ্চিত্রাঙ্গনে তিনি শাবনূর নামে পরিচিত। মাস চারেক আগে ইউটিউব চ্যানেল খুলেছিলেন ঢাকাই সিনেমা থেকে প্রায় হারিয়ে যাওয়া এ নায়িকা। আপলোড করেছিলেন একাধিক ভিডিও। তখন জানিয়েছিলেন, নিয়মিত ভিডিও দেবেন। লাইভে এসে ভক্তদের সঙ্গেও আড্ডা দেবেন।

কিন্তু কিছুদিন পরই সব ওলটপালট হয়ে যায়। কারণ তার ইউটিউব চ্যানেল, ফেসবুক অ্যাকাউন্ট সবকিছু হ্যাকড হয়ে যায়। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেয়ার কথাও জানিয়েছিলেন শাবনূর। কিন্তু লাভ হয়নি। ফেসবুক পেজটি নিয়ন্ত্রণে নিতে পেরেছেন। এবার নতুনভাবে শুরুর ঘোষণা দিলেন শাবনূর। জানালেন, জন্মদিন উপলক্ষে নতুন একটি ইউটিউব চ্যানেল চালু করবেন তিনি। ফেসবুক পেজে দেয়া একটি পোস্টে শাবনূর লিখেছেন—প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, ১৭ ডিসেম্বর আমার জন্মদিন, সে উপলক্ষে পুনরায় ইউটিউব চ্যানেল খুলে নতুন ভিডিও আপনাদের উপহার দিতে যাচ্ছি। আশা করি, চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।

এদিকে কয়েকদিন আগে শোনা গিয়েছিল, শাবনূর দেশে ফিরছেন। জন্মদিনটি নাকি সিনেমার মানুষজনের সঙ্গে উদযাপন করবেন। শুধু তাই নয়, দেশে এসে অভিনয়ে ফেরার পরিকল্পনাও রয়েছে তার। এজন্য অস্ট্রেলিয়ায় নিয়মিত জিম করে নিজের ফিটনেস ঠিক করছেন।

কিন্তু শাবনূরের জন্মদিনের বাকি মাত্র তিনদিন। এখনো তার ফেরার বিষয়ে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অস্ট্রেলিয়াতেই জন্মদিন উদযাপন করবেন নায়িকা।

দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ার সিডনিতে বাস শাবনূরের। সেখানে ছেলে আইজান, মা, ভাই, বোনসহ স্থায়ীভাবে বসবাস করছেন। মাঝেমধ্যে দেশে এলে চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানেও যোগ দেন এ অভিনেত্রী।

সবশেষ শাবনূরকে ২০১৫ সালে ‘পাগল মানুষ’ সিনেমায় দেখা গেছে। এরপর আর কোনো ছবিতে পাওয়া যায়নি দর্শকপ্রিয় এ তারকাকে।

যশোরের মেয়ে শাবনূর সালমান শাহের সঙ্গে জুটি বেঁধে ১৪টি চলচ্চিত্রে অভিনয় করেন, যার প্রায় সবই ছিল ব্যবসাসফল। সালমান শাহ-শাবনূর জুটির প্রথম ছবি জহিরুল হক পরিচালিত তুমি আমার ১৯৯৪ সালে মুক্তি পায়। একই বছর শাহ আলম কিরণ তাদের নিয়ে ফারুক-কবরী জুটির সুজন সখী চলচ্চিত্রের রঙিন পুনর্নির্মাণ সুজন সখী নির্মাণ করেন। ১৯৯৫ সালে এ জুটির স্বপ্নের ঠিকানা বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ ব্যবসাসফল চলচ্চিত্র হিসেবে ইতিহাসে জায়গা করে নেয়। পরের বছর ওই চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাচ) পুরস্কার অর্জন করেন। ২০০৫ সালে দুই নয়নের আলো চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে অধরা জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ছয়বার বাচসাচ পুরস্কার এবং রেকর্ড সংখ্যক ১০ বার তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেছেন। শাবনূর এমন একজন অভিনেত্রী, যিনি সালমান শাহ, রিয়াজ, ফেরদৌস, শাকিব খান, মান্নাসহ প্রায় সব নায়কের সঙ্গে অভিনয় করেই উপহার দিয়েছেন ব্যবসাসফল চলচ্চিত্র। ২০১০ সালের পর চলচ্চিত্রে অভিনয় কমিয়ে দেন এ অভিনেত্রী। ২০১১ সালে ব্যবসায়ী অনিক মাহমুদের সঙ্গে শাবনূরের আংটি বদল হয়। ২০১২ সালে বিয়ে করে অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন রোমান্টিক কুইন। বর্তমানে সন্তান আইজান নিহানকে নিয়ে অস্ট্রেলিয়াতেই আছেন তিনি।