একসঙ্গে একাধিক গান উপহার দিয়েছেন ন্যান্সি ও ইমরান। এবার ইমন চৌধুরীর সুর ও সংগীতে প্লে-ব্যাক করলেন তারা। কবির বকুলের লেখায় ইমন চৌধুরীর সুর সংগীতে তারা দুজন এরই মধ্যে গানটির রেকর্ডিং শেষ করেছেন। গানের শিরোনাম ‘নিন্দুকে’। গানটি কামরুজ্জামান রুমানের নির্মিতব্য সিনেমা ‘লিপস্টিক’-এর জন্য রেকর্ড করা হয়েছে।
ইমরান বর্তমানে অস্ট্রেলিয়ায় আছেন। সেখানে কনার সঙ্গে স্টেজ শোয়ে অংশগ্রহণের আগেই তিনি ন্যান্সির সঙ্গে এ গানের কাজ শেষ করে যান। এর আগেও ইমরান ন্যান্সির সঙ্গে বেশকিছু গানে কণ্ঠ দিয়েছেন। সেসব গানও শ্রোতাপ্রিয়তা পেয়েছে। তবে এবার বেশ কিছুদিন বিরতির পর তারা দুজন একসঙ্গে সিনেমার গানে কণ্ঠ দিলেন। কবির বকুলের লেখা অনেক গানেই জনপ্রিয়তা পেয়েছেন ন্যান্সি-ইমরান। গানটি প্রসঙ্গে ইমরান মাহমুদুল বলেন, ‘শ্রদ্ধেয় কবির বকুল ভাইয়েরই লেখা গানের সুর করে, গান গেয়ে আমি একসঙ্গে দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছি। তার প্রতি অসীম কৃতজ্ঞতা। তার লেখা আবারো একটি দারুণ গান গাইলাম।’
গানটি নিয়ে গীতিকার কবির বকুল তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, ‘ইমন চৌধুরী এ সময়ের প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক। চলচ্চিত্রে তার সঙ্গে আমার কাজ হয়নি। এই প্রথম তার সঙ্গে একটি গান করলাম। এরই মধ্যে রেকর্ড হয়েছে ‘নিন্দুকে’ গানটি। খুব ভালো গেয়েছেন ন্যান্সি ও ইমরান। অনেক দিন পর ন্যান্সি আমার লেখা গান গাইলেন। গানটি ‘লিপস্টিক’ চলচ্চিত্রের। পরিচালক কামরুজ্জামান রোমান।’
ন্যান্সির সঙ্গে গাওয়ার প্রসঙ্গে ইমরান বলেন, ‘সহশিল্পী হিসেবে আছেন ন্যান্সি আপু। তিনিও বাংলা সিনেমায় অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন। তার সঙ্গে আবারো গান গেয়ে ভীষণ ভালো লাগলো। ইমন ভাইয়ের সুর সংগীত, সে তো সত্যিই অনবদ্য। আশা করছি, আমাদের এ নতুন গান শ্রোতা দর্শকের ভালো লাগবে।’
এদিকে ইমন চৌধুরী বর্তমানে গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজল রেখা’ সিনেমার কাজ নিয়ে খুব ব্যস্ত। ইমন চৌধুরী নিজেও সিনেমায় প্লে-ব্যাক করেছেন গত বছরের সবচেয়ে আলোচিত সিনেমা ‘পরাণ’-এ।










