নতুন করে আবার আলোচনায় টেইলর সুইফট। তার মিডনাইট অ্যালবাম দিয়ে পুনরায় জনপ্রিয় ধারায় ফিরেছিলেন। এবার তিনি আলোচনায় আছেন এরাস কনসার্টের কল্যাণে। কনসার্টটি শুরু হয়েছে গত শুক্রবার। টেইলরসহ বহু শিল্পীই বিভিন্ন স্থান মিলিয়ে দীর্ঘ ট্যুর ও কনসার্ট করে থাকেন। কভিড-১৯ মহামারী ও অন্যান্য কারণে এসব ট্যুর ও কনসার্ট কমে গিয়েছিল। এর সঙ্গে যুক্ত হয় টিকিট বিক্রির প্রতিষ্ঠানের বিশৃঙ্খলা ও দুর্নীতি। তবে সবকিছু পেরিয়ে টেইলর তার এরাস ট্যুর শুরু করলেন আর প্রথম কনসার্টটিই ছিল দুর্দান্ত। অ্যারিজোনার গ্লেনডেলে তার প্রথম কনসার্টটিই ছিল ৩ ঘণ্টা ১৫ মিনিটের দীর্ঘ পারফরম্যান্সের এক গল্প। সেখানে ৪৪টি গানে পারফর্ম করেছেন টেইলর সুইফট।

এরাস ট্যুরের প্রথম পারফরম্যান্সে স্টেজে উঠে টেইলর বলেন, ‘‌আমি বলে বোঝাতে পারব না আপনাদের কতটা মিস করেছি।’ বলে বোঝাতে না পারলেও পারফর্ম করে বুঝিয়েছেন টেইলর। ২৭টি ভিন্ন স্থানে কনসার্টের শুরুটা তিনি এমনভাবে করলেন যেন বুঝিয়ে দিতে চাইলেন, কনসার্টের দিন ফিরে আসছে। অবশ্য ট্যুর শুরু করার আগেই তিনি কথা দিয়েছিলেন তার শ্রোতাদের পছন্দ, রুচি ও চাওয়া অনুসারেই এ ট্যুরে তিনি কনসার্টগুলো সাজাবেন। টেইলরের প্রথম কনসার্টে এর প্রমাণ পাওয়া গেছে। স্টেট ফার্ম স্টেডিয়ামে তার এ পারফরম্যান্স কেবল গান গাওয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল না। এটি ছিল রীতিমতো একটি কমপ্যাক্ট পারফরম্যান্স। স্টেজ সাজানো থেকে শুরু করে পোশাকের নকশায় এর ছাপ ছিল।

টেইলরের ক্যারিয়ার বেশ দীর্ঘ। এ সময়ের মধ্যে তিনি বহু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন বা বলা চলে তার গানগুলো শ্রোতাপ্রিয় হয়েছে। এ কনসার্টে তিনি সে গানগুলো উপস্থাপন করলেন। পাশাপাশি মিডনাইটে যুক্ত করেছেন আরো চারটি গান। ট্যুর শুরুর আগে এ রকম একটি পদক্ষেপ তার কনসার্টের প্রতি দর্শককে আরো আগ্রহী করেছে। 

টেইলরের এরাস ট্যুরের প্রথম কনসার্টটি নিয়ে দারুণ প্রশংসা দেখা যাচ্ছে মিডিয়ায়। এর মধ্যে ভ্যারাইটি তার পারফরম্যান্সের প্রশংসার পাশাপাশি বিশ্লেষণও হাজির করেছে। টেইলরের পারফরম্যান্সে ‘‌টেইলর ভার্সন’গুলোর ক্ষেত্রে অনেক শ্রোতা জানিয়েছেন যে কনসার্টে সংগীতের ধরন বদলানো যেত। কিন্তু ভ্যারাইটির মত হলো টেইলর রেকর্ডের মতো গান করে ঠিকই করেছেন। এর পাশাপাশি প্রতিটা গানের ভিজুয়াল ছিল অসাধারণ।

টিকিট মাস্টারের সার্ভারে সমস্যা, তাদের ব্যবস্থাপনার ভুলত্রুটির পরও টিকিট বিক্রি শুরু হতেই এক দিনে ২৪ লাখ টিকিট বিক্রি হয়েছে সম্পূর্ণ ট্যুরের। এর মধ্যে সাইটে ঢুকেছিলেন ১ কোটি ৪০ লাখ টেইলর-ভক্ত। গ্লেনডেলের প্রথম কনসার্টে দর্শক সংখ্যা ছিল ৭০ হাজার। যেকোনো শিল্পীর জন্য এটি একটি বড় ব্যাপার। তাই বলাই যায় দুর্দান্ত সূচনা করলেন টেইলর।

সূত্র: ভ্যারাইটি