শেষ হলো ইন্ডিয়ান আইডলের ১৩তম সিজন। এবারের সিজনে ইন্ডিয়ান আইডল অর্থাৎ চ্যাম্পিয়ন হয়েছেন ঋষি সিং। কলকাতার দেবস্মিতা রায়কে পেছনে ফেলে সেরা হলেন অযোধ্যার ঋষি। ইন্ডিয়ান আইডলের সেরা হিসেবে ঋষি পেয়েছে ২৫ লাখ রুপি ও একটি ব্র্যান্ড নিউ গাড়ি। রোববার সন্ধ্যায় ইন্ডিয়ান আইডলের চ্যাম্পিয়ন ঘোষণা করা যায়। সেটের কয়েকটি ছবিও প্রকাশ হয়েছে। সেখানে ঋষি সিংকে ইন্ডিয়ান আইডলের ট্রফিতে চুমু দিতে দেখা যায়। দেবস্মিতার সঙ্গেও একটি ছবি রয়েছে। ফার্স্ট রানার আপ হয়েছেন জম্মু ও কাশ্মীরের ছেলে চেরাগ কোতোয়াল।

ইন্ডিয়া টুডেতে দেয়া এক সাক্ষাৎকারে ঋষি বলেন, ‘‌আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে ইন্ডিয়ান আইডলের ট্রফি জিতেছি। পরাবাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি। আমার নাম যখন ঘোষণা হলো, মনে হলো স্বপ্ন সত্যি হয়েছে। একটি দারুণ ও ঐতিহ্যবাহী শোর উত্তরাধিকার বহন করার ব্যাপারটা সম্মানের। আমি চ্যানেল, বিচারক ও ইন্ডিয়ান আইডলের পুরো টিমের প্রতি কৃতজ্ঞ।’ পাশাপাশি ঋষি তার ভক্তদেরও ধন্যবাদ জানিয়েছেন, যারা এতদিন ধরে তাকে সমর্থন জুগিয়ে এসেছে।

ইন্ডিয়ান আইডলের যাত্রা নিয়ে দেবস্মিতা বলেন, ‘‌আমি এখনো বিশ্বাস করতে পারছি না, এত বড় একটা প্লাটফর্মে বিচারক ও আমন্ত্রিত অতিথিদের সামনে পারফর্ম করার সুযোগ পেয়েছি। আমার নাম যখন ফাইনালিস্টদের তালিকায় ঘোষণা করা হয়েছিল, আমার মনে হচ্ছিল আমি আসলে ইন্ডিয়ান আইডলের ট্রফিই জিতে গেছি।’

ইন্ডিয়ান আইডলে সেরা হতে ঋষিকে সর্বশেষ সেরা ছয়ের সঙ্গে প্রতিযোগিতা করতে হয়েছে। ইন্ডিয়ান আইডল থার্টিনের সেরা ছয় ছিলেন ঋষি সিং, দেবস্মিতা রায়, চেরাগ কোতোয়াল, বিদিপ্তা চক্রবর্তী, সোনাক্ষী কর ও শিবম সিং। প্রথম ও দ্বিতীয় রানার আপকে ট্রফি ও ৫ লাখ রুপির চেক এবং তৃতীয় ও চতুর্থ রানার আপকে ৩ লাখ রুপির চেক দেয়া হয়। ঋষিকে দেয়া গাড়িটা মারুতি সুজুকির ব্রেজা ব্র্যান্ডের।

সূত্র: হিন্দুস্তান টাইমস