দেশের গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তার একাধিক নাটক ও সিনেমা পেয়েছে দর্শকপ্রিয়তা। আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসা কুড়িয়েছে। ফারুকীর ভক্তরা অপেক্ষায় থাকেন তার নতুন নির্মাণ নিয়ে। তবে বেশ কিছুদিন ধরেই তার নতুন কিছু আসছেন না। তবে নতুন খবর হলো কাজে ফিরছেন ফারুকী। নতুন নির্মাণের চমক নিয়ে আসছেন এ জনপ্রিয় পরিচালক। এবারে তিনি আসছেন ‘ভালোবাসার মন্ত্রণালয়’ নিয়ে যেখানে থাকবেন ১২জন মন্ত্রী।

দেশের ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য ১২টি সিনেমা বানানো হয়েছে ফারুকীর তত্ত্বাবধানে। আর পুরো প্রজেক্টের নাম রাখা হয়েছে ‘মিনিস্ট্রি অব লাভ’ (ভালোবাসার মন্ত্রণালয়)। যেগুলো নির্মাণ করেছেন ১২ জন নির্মাতা। এ সিনেমাগুলোতে ১২ জন মন্ত্রীর চরিত্র রয়েছে। 

আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এ নিয়ে বিস্তারিত জানাবেন ফারুকী।এমনটাই নিশ্চিত করেছেন চরকি। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এই মন্ত্রীদের শপথ আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে। আর এ আয়োজনে শপথবাক্য পাঠ করাবেন ফারুকী নিজেই। বিষয়টি নিশ্চিত করেছেন চরকির সিইও রেদওয়ান রনি।

এ নিয়ে জানতে চাইলে রনি বলেন, ‘এখনই আমরা এ মন্ত্রণালয় নিয়ে কিছু বলব না। আগে মন্ত্রীদের শপথ অনুষ্ঠান হোক। তারপর সব জানানো হবে তার আগে অপেক্ষা করতে হবে সবাইকে। এটুকু বলছি, মোস্তফা সরয়ার ফারুকীর প্ররোচনায় ১২টি সিনেমার নতুন মন্ত্রণালয় গঠিত হয়েছে। আমরা দর্শকের জন্য নতুন কিছু নিয়ে আসছি।’

শপথ আনুষ্ঠানিকতা শেষে একে একে সিনেমাগুলো প্রদর্শিত হবে চরকিতে। এ নিয়ে মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ জন্য অপেক্ষা করতে হবে আজ সন্ধ্যা অবধি। এরপরই সবটা জানা যাবে। 

মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালিত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ডুব’। এতে অভিনয় করেছিলেন, বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান। এছাড়াও আরো ছিলেন, নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী ও পার্ণো মিত্র। বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে ফারুকীর দুই সিনেমা ‘শনিবার বিকেল’ ও ‘নো ল্যান্ডস ম্যান’। সিনেমা দুটি দেশে মুক্তি না পেলেও আন্তর্জাতিক মহলে প্রশংসা পাচ্ছে।