ঢাকায় দুদিনের সংক্ষিপ্ত সফরে আসেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। এ সফরে বাংলাদেশের জনপ্রিয় গানের দল ‘জলের গান’-এর সংগীতশিল্পী, গীতিকার ও বাদ্যযন্ত্রী রাহুল আনন্দের ধানমন্ডির বাসার নিজস্ব স্টুডিওতে গিয়েছেন ইমানুয়েল মাখোঁ। রোববার রাত পৌনে ১২টার দিকে তার বাসায় হাজির হন তিনি। এ সময় গান শোনার পাশাপাশি বিভিন্ন বাদ্যযন্ত্র দেখেন ফরাসি প্রেসিডেন্ট। মাখোঁকে গান শোনানোর ভিডিও শেয়ার করেছেন রাহুল। তিনি জানান, যে একতারা বাজিয়ে গান গেয়েছেন, সেটি উপহার দেন ইমানুয়েল মাখোঁকে। সেটি হাতে পেয়ে বাজানোর চেষ্টা করেন ফরাসি প্রেসিডেন্ট। রাহুল বলেন, ‘আশা করি, এ একতারা তাকে বাংলাদেশকে মনে করিয়ে দেবে।’
রাহুল বলেন, ‘প্রেসিডেন্ট, আপনার এ আগমন আমাদের দেশের জন্য, আমার পরিবার ও বন্ধুদের জন্য বিরাট আনন্দের।’ তিনি জানান, শিল্পী ও শিল্পের প্রতি আগ্রহ থেকে তার স্টুডিওতে এসেছেন ফরাসি প্রেসিডেন্ট। তিনি মুগ্ধ হয়ে গান শুনেছেন। নিজে বাঁশি বাজিয়েছেন। তিনি আরো জানান, বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করেছি তার সামনে। বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের সংস্কৃতি বিনিময় নিয়ে আলাপ হয়েছে।
বিদায়ের আগে ইমানুয়েল মাখোঁ একটি কলম উপহার দিয়েছেন রাহুল আনন্দকে। সামাজিক যোগাযোগমাধ্যমে সে কলমের ছবি শেয়ার করেছেন শিল্পী।










