দক্ষিণ ভারতীয়
সিনেমার হাতেগোনা কয়েকজন অভিনেত্রী ‘সুপারস্টার’ হিসেবে পরিচিত। সেই তালিকায় একদম ওপরের
দিকে রয়েছেন নয়নতারা। সম্প্রতি শাহরুখ খানের বিপরীতে ‘জওয়ান’ সিনেমার মাধ্যমে বলিউডে
আত্মপ্রকাশ করেছেন তিনি। গুঞ্জন উঠেছে, তার কিছু দৃশ্য কেটে ক্যামিও রোলের দীপিকা পাড়ুকোনকে
বেশি গুরুত্ব দেয়ায় খেপে আছেন এ নায়িকা। আসলে কি তা-ই?
গুঞ্জনের
খবর জানিয়ে হিন্দুস্তান টাইমস বলছে, ‘জওয়ান’-এর প্রমোশন থেকেও নিজেকে গুটিয়ে নিয়েছেন
নয়নতারা। তবে রটনা নিয়ে মুখ না খুললেও গতকাল বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ‘জওয়ান’ পরিচালক
অ্যাটলির সঙ্গে ছবি পোস্ট করে মনের কথা জানিয়েছেন তিনি।
গতকাল ছিল
অ্যাটলির জন্মদিন। বিশেষ এ দিনে ‘জওয়ান’-এর শুটিংয়ের বেশকিছু অদেখা মুহূর্ত ইনস্টাগ্রাম
স্টোরিতে শেয়ার করেন নয়নতারা। সঙ্গে বার্থ ডে বয়ের উদ্দেশে লেখেন- ‘তোমাকে নিয়ে গর্বিত,
শুভ জন্মদিন’। মাত্র দুটি বাক্যেই অভিনেত্রী বুঝিয়ে দিলেন পরিচালকের সঙ্গে মনোমালিন্যের
খবরে সত্যতা নেই। তবে অনেকে বলছেন, ‘পুরোটাই আসল সত্যিটা ধামাচাপা দেয়ার চেষ্টা।’
নয়নতারার
ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম বলে আসছে, চূড়ান্ত সম্পাদনায় বেশকিছু
গুরুত্বপূর্ণ দৃশ্য ছেঁটে ফেলায় অ্যাটলির ওপর নয়নতারা বেজায় মনঃক্ষুণ্ন। দীপিকা পাড়ুকোনের
চরিত্র বাড়িয়ে নয়নতারাকে সাইডলাইন করা হয়েছে।
শুরু থেকেই
জানানো হয়েছিল জওয়ান-এ ক্যামিও অ্যাপিয়ারেন্সে রয়েছেন দীপিকা পাড়ুকোন। যদিও ছবি দেখবার
সময় অনেকেই অবাক হয়েছেন দীপিকার স্ক্রিন টাইম ও চরিত্রের গুরুত্ব দেখে। শাহরুখের সঙ্গে
দীপিকার রোম্যান্স থেকে ইমোশ্যানাল মুহূর্ত রয়েছে ছবির বড় অংশ জুড়ে।
আরো বলা
হচ্ছে, ‘জওয়ান’-এর বিরূপ অভিজ্ঞতার কারণে হয়ত আগামীতে বলিউড প্রোজেক্টে নয়নতারাকে দেখা
নাও যেতে পারে, অন্তত খুব শিগগির তো নয়ই।
তবে নয়নতারার
সঙ্গে অ্যাটলির সম্পর্ক অনেক পুরোনো। নির্মাতার প্রথম ছবির ‘রাজা রানী’র নায়িকা ছিলেন
তিনি। পরবর্তী সময়ে তারা করেন ব্লকবাস্টার ‘বিগিল’।
গত সপ্তাহে
মুম্বাইয়ে অনুষ্ঠিত ‘জওয়ান’-এর সাফল্য উদযাপনের আয়োজনে হাজির ছিলেন না নয়নতারা। যা
বিতর্কের আগুনে ঘি ঢালে। তবে পুরো বিষয় নিয়ে এখনো মুখ খোলেননি অ্যাটলি বা নয়নতারা।










