শাহরুখ খানের ‘জওয়ান’ মুক্তির তারিখ বারবার বদলেছে। শোনা যাচ্ছিল সিনেমাটি মুক্তি পাবে আগামী ২ জুন। কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা এসেছে, এটি মুক্তি পাবে আগামী ৭ সেপ্টেম্বর। শনিবার শাহরুখ খানের সামাজিক যোগাযোগমাধ্যমে জওয়ানের মোশন পোস্টার প্রকাশ করা হয়। সঙ্গে শাহরুখ নিজেই জানান, সিনেমাটি আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে। মূলত ভিজুয়াল ইফেক্ট নিয়ে কাজ করার জন্য বেশি সময় নিতে হচ্ছে। একই দিন শাহরুখ তার টুইটারে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন। বিজয় সেতুপতি সম্পর্কে এক ভক্তের প্রশ্নের উত্তরে তিনি জানান, তিনি একজন অসাধারণ অভিনেতা। এছাড়া তামিল গানে ঠোঁট মেলানোর কথাও বলেছেন শাহরুখ। তিনি নানা সময় তার টুইটার হ্যান্ডল থেকে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। তার অংশ হিসেবে ৬ মে সন্ধ্যায়ও একটি সেশন করেছিলেন। সেখানে বিজয় সেতুপতি সম্পর্কে একজন প্রশ্ন করেছিলেন। জবাবে শাহরুখ বলেন, ‘তিনি খুবই বিনয়ী একজন মানুষ ও অসাধারণ অভিনেতা। বিজয়ের কাছ থেকে অনেক কিছু শিখেছি।’
মজার ব্যাপার হলো প্রশ্নটি যিনি করেছিলেন, শাহরুখ খানের জবাবের পর প্রশ্নটি তিনি ডিলিট করে দেন। এতে শাহরুখের অনেক ভক্ত ক্ষেপেছেন। একজন লিখেছেন, ‘আপনি টুইট ডিলিট করা মানুষদের উত্তর কেন দেন?’ মূলত শাহরুখের কাছে এত প্রশ্ন আসে যে সবাইকে উত্তর দেয়া সম্ভব হয় না। তেমনই একজন মনঃক্ষুণ্ন হয়েছেন, বোঝা যায়।
জওয়ানে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছেন নয়নতারা। তার এক ভক্ত লিখেছেন, ‘নয়নতারার জন্য কিছু বলুন।’ জবাবে শাহরুখ লিখেছেন, ‘তিনি খুব সুন্দরী। মিষ্টি মানুষ ও তার সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা অসাধারণ।’ শাহরুখ জানান এ সিনেমার জন্য তিনি তামিল গানে ঠোঁট মিলিয়েছেন।
সূত্র ও ছবি: বলিউড হাঙ্গামা










