শনিবার রাতে শাহরুখ খানের পুত্র আরিয়ান খানসহ মোট আটজনকে মাদক গ্রহণের অভিযোগে একটি ক্রুজ শিপ থেকে আটক করে ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর রোববার আরিয়ানকে নিজেদের হেফাজতে নেয় এনসিবি। গতকাল পরিস্থিতি আরো জটিল হয়েছে শাহরুখপুত্রের জন্য। আরিয়ান খানের ফোনে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার ‘প্রামাণ্য নথি’ পাওয়া গিয়েছে বলে দাবি করেছে এনসিবি। তাদের সন্দেহ শাহরুখপুত্রের সঙ্গে আন্তর্জাতিক মাদক চক্রের সংযোগ থাকতে পারে। এ কারণে ১১ অক্টোবর পর্যন্ত আরিয়ানকে নিজেদের হেফাজতে রাখার আবেদন করে এনসিবি। সোমবার আদালতে গিয়ে হেফাজতের সময়সীমা বাড়ানোর আবেদন জানায় এনসিবি। আদালত আরিয়ান খানের জামিন মঞ্জুর করেননি। ৭ অক্টোবর পর্যন্ত আরিয়ান এনসিবির হেফাজতে থাকবে। শাহরুখপুত্রের পক্ষে আদালতে জামিনের আবেদন করেছিলেন সতিশ মানশিন্ডে।

এমন পরিস্থিতিতে বলিউডের অনেক সেলিব্রেটি শাহরুখ খানের সমর্থনে এগিয়ে এসেছেন। হানসাল মেহতা ও পুজা ভাট বলেছেন, আইনিভাবে কোনো সিদ্ধান্ত না আসার আগেই যেভাবে শাহরুখপুত্রকে দোষী সাব্যস্ত করা হচ্ছে, সেটা মা-বাবা ও সন্তানের সম্পর্কের জন্য অসম্মানজনক।

রোববার রাতেই শাহরুখ খানের বাড়িতে যান আরেক সুপারস্টার সালমান খান। হানসাল মেহতা টুইটারে লিখেছেন, ‘সন্তান বিপদে পড়লে সেটা মা-বাবার জন্য খুব কষ্টের। আইনি ব্যবস্থা কোনো সিদ্ধান্ত দেয়ার আগে যখন মানুষ উপসংহার টানা শুরু করে তখন পরিস্থিতি আরো জটিল হয়ে যায়।’

পুজা ভাট সমর্থনের বার্তা দিয়েছেন শাহরুখ খানকে। তিনি শাহরুখকে উদ্দেশ করে লিখেছেন, ‘আমি তোমার পাশে আছি। এমন নয় যে আমার সমর্থন তোমার খুব প্রয়োজন। কিন্তু তার পরও বলছি যে আমি তোমার পাশে আছি। এই দিন কেটে যাবে।’

এর আগে বলিউডের সিনিয়র অভিনেতা সুনিল শেঠি আরিয়ানের পাশে দাঁড়িয়েছেন। তিনি আরিয়ানকে ‘শিশু’ হিসেবে উল্লেখ করে বলেছেন, দোষ প্রমাণের আগেই সবাই তার সমালোচনা করছে। তিনি আরো বলেন, বলিউডসংশ্লিষ্ট কিছু হলেই গণমাধ্যম নিজের উপসংহার টেনে দেয়।

কাভি হা কাভি না ছবিতে শাহরুখ খানের সহঅভিনেত্রী সুচরিতা কৃষ্ণমূর্তিও শাহরুখ খানের সমর্থনে টুইট করেছেন।

 

সূত্র: ইন্ডিয়া টুডে