এফএক্সের জনপ্রিয় সিরিজ ‘শগুন’-এর অভিনেতা কসমো জারভিস এবার পর্দায় আসছেন সোভিয়েত নেতা জোসেফ স্তালিনের ভূমিকায়। নতুন এ ঐতিহাসিক থ্রিলার সিনেমার নাম ‘ইয়াং স্তালিন’। সিনেমাটি পরিচালনা করছেন জর্জিয়ান-ফরাসি নির্মাতা জেলা বাবলুয়ানি।
ইয়াং স্তালিনের গল্প নেয়া হয়েছে সায়মন সিবাগ মন্টিফিয়োরির লেখা বিখ্যাত বই থেকে। লেখক মন্টিফিয়োরি ও পরিচালক বাবলুয়ানি একসঙ্গে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন। এ সিনেমার গল্পে তুলে ধরা হবে তরুণ স্তালিনের জীবন, যখন তিনি ছিলেন এক ভয়ংকর ব্যাংক ডাকাত ও বিপ্লবী।
ইম্পেরিয়াল রাশিয়ার অশান্ত সময়, অপরাধ আর বিপ্লবের দ্বন্দ্বে গড়ে উঠেছে ইয়াং স্তালিন সিনেমার পটভূমি, যেখান থেকে জন্ম নেয় ভবিষ্যতের এক স্বৈরশাসক।
পরিচালক জেলা বাবলুয়ানি ইয়াং স্তালিন নিয়ে বলেন, ‘এটি স্তালিনের ক্ষমতার গল্প নয়, বরং দেখাবে কীভাবে সে ভয়াবহ ক্ষমতা গড়ে উঠেছিল।’ ছবিটি প্রযোজনা করেছেন স্যাম টেইলর, আর্চিল গেলোভানি, ভ্লাদিমির কাটচারাভা ও আলেক্সান্ডার কুশায়েভ। এক্সিকিউটিভ প্রযোজক হিসেবে আছেন লেন ব্লাভাটনিক, ড্যানি কোহেন ও ভিন্স হোল্ডেন।
প্রযোজক কোহেন বলেন, ‘স্তালিনের তারুণ্যের দিকটা অনেকেই জানেন না। এ সিনেমা সে রহস্যই উন্মোচন করবে।’
জেলা বাবলুয়ানি সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করতে যাওয়া কসমো জারভিস সম্পর্কে বলেন, ‘কসমো জারভিস এমন একজন অভিনেতা, যিনি বিপদ, আকর্ষণ ও পরিচয়ের ভাঙন বোঝেন।’
বহু প্রতিভার অধিকারী কসমো জারভিসের হাতে আছে আরো দুটি বড় কাজ—গাই রিচির সিনেমা ‘ওয়াইফ ডগ’ ও আ টোয়েন্টি ফোরের যুদ্ধভিত্তিক সিনেমা ‘ওয়ারফেয়ার’।
সূত্র ও ছবি: ভ্যারাইটি










