বলিউডের মুকুটবিহীন বাদশাহ শাহরুখ খানের সেন্স অব হিউমার নিয়ে নতুন করে বলার কিছু নেই। কফি উইথ করণের র‌্যাপিড ফায়ার রাউন্ড হোক কিংবা মুভি প্রমোশনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর বলিউড বাদশাহ বরাবরই তার রসবোধ আনন্দ দেয় ভক্তদের। কিন্তু জানেন কি? ‍নিজের ঘরেও নাকি মজার পাত্র বলিউড বাদশাহ! সম্প্রতি এক অনুষ্ঠানে এমনটাই দাবি করেছেন খোদ শাহরুখ খান।

২০২৫ সালের ওয়েভস সামিটের প্রথম দিন তিনি একটি আলোচনায় যোগ দিয়েছিলেন। সঙ্গে ছিলেন দীপিকা পাড়ুকোন। ছিলেন করণ জোহরও। সেখানেই শাহরুখ খান কথা বলেন বাড়িতে ছেলেমেয়ের সঙ্গে তার রসায়ন নিয়ে। জানান, বাড়িতে তার কথা বা শাসনকে সন্তানরা বিশেষ পাত্তা দেন না। বরং মজা করে উড়িয়ে দেন।

এদিন কথা প্রসঙ্গে কিং খান বলেন, ‘অনেকের ভুল ধারণা থাকে, সাফল্যের শিখরে পৌঁছে গেলে একা হয়ে যেতে হয়। এটি সঠিক নয়। বরং এর উল্টোটা হয় যদি বাড়িতে আরিয়ান, সুহানা বা আব্রাহামের মতো সন্তানরা থাকে।’

আরিয়ান, সুহানা ও আব্রামের বাবা শাহরুখ জানান, তার পরিবারের সঙ্গে সংযোগের সবচেয়ে বড় মাধ্যম হলো হাস্যরস। এমনকি সন্তানদের শাসন করার সময়ও তিনি রসিকতা করেন। তিনি বাড়িতে সন্তানদের অনুশাসনে রাখতে চাইলে, বকাঝকা করলে তারাও হাস্যরসের মধ্য দিয়েই তাকে পাল্টা জবাব দেন।

শাহরুখের কথায়, সন্তানদের কাছে তিনি এতটাই মজার মানুষ যে তিনি যখন ওদের বকা দেয়ার চেষ্টা করেন বা অনুশাসন করার চেষ্টা করেন, তখন সন্তানরা খুব একটা পাত্তা দেন না। তিনি যদি বলেন, ‘শোনো রাত ১০টার মধ্যে শুয়ে পড়বে!’ প্রত্যুত্তরে সন্তানরা শাহরুখকে তারই সিনেমার সংলাপ শুনিয়ে বলেন, ‘ওমা তাই নাকি এসআরকে? বেটে কো হাত লাগানে সে পেহলে, উসকি বাপ সে বাত কর (ছেলের সঙ্গে ঝামেলা করার আগে তার বাবার সঙ্গে বোঝাপড়া করো)’।

শাহরুখের এ কথা কথা শুনে হেসে ফেলেন সেখানে উপস্থিত থাকা অভিনেত্রী দীপিকা পাডুকোন।

মিস্টার খান আরো বলেন, ‘কেউ যদি জানে তার সন্তানদের কীভাবে হাসাতে হয়, তাহলে কোনোভাবেই তার একা বোধ হবে না।’ যাদের সন্তান নেই, তাদের বাবা-মাকে হাসিখুশি রাখার পরামর্শও দিয়েছেন শাহরুখ।

যদিও সেদিনের সেশন মূলত তার সিনেমাটিক যাত্রা ও খ্যাতির শিখরে ওঠার গল্প নিয়ে আবর্তিত হচ্ছিল, তবুও পিতৃত্ব নিয়ে শাহরুখের কথাগুলো যেন আবেগের উষ্ণতা ছড়িয়ে দিয়েছিল সবার মধ্যে। তিন দশকেরও বেশি সময় ধরে খ্যাতির শীর্ষে থেকেও যিনি এখনো সরলতা, সম্পর্ক আর হাসির ওপর আস্থা রাখেন, সেটিই হয়তো তার আসল ‘সুপার পাওয়ার’।

সূত্র বলিউড হাঙ্গামা