তামিল সুপাস্টার রজনীকান্তের সর্বশেষ
রিলিজ ‘জেলার’। মুক্তির নয়দিন পরও সিনেমাটি নিয়ে দর্শকদের আকর্ষণ বিন্দুমাত্র কমেনি।
ফলস্বরূপ বৈশ্বিক আয় দ্রুতগতিতে ৫০০ কোটি রুপি মাইলফলকের দিকে এগোচ্ছে। আর শুধু ভারতীয়
বক্স অফিস থেকে সংগ্রহ করেছে ২৪৪ কোটি ৮৫ লাখ রুপি। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
‘জেলার’ প্রথম সপ্তাহে আয় করে ২৩৫ কোটি
৮৫ লাখ রুপি। তামিল ভাষায় ১৮৫ কোটি ৬৫ লাখ, তেলেগু সংস্করণ ৪৭ কোটি পাঁচ লাখ, কন্নড়ে
দুই কোটি পাঁচ লাখ ও হিন্দিতে তুলে নেয় দুই কোটি এক লাখ রুপি। মোট আয়ের ৫৪ দশমিক ৫৯
শতাংশ তামিল সংস্করণ থেকে এসেছে।
বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়বালানের
মতে, ‘জেলার’ আজ শনিবার (১৯ আগস্ট) নাগাদ বিশ্বব্যাপী ৫০০ কোটির বেশি আয় করবে বলে আশা
করা হচ্ছে। আর প্রথম সপ্তাহ শেষে আয় ছিল ৪৫০ কোটি ৮০ লাখ রুপি।
প্রায় দুই বছরের অনুপস্থিতির পর পর্দায়
ফিরেছেন রজনীকান্ত। নেলসন পরিচালিত এ সিনেমায় সংগীত করেছেন অনিরুদ্ধ। ক্যামিওতে আছেন
মালায়ালম অভিনেতা মোহনলাল ও কন্নড়ের শিব রাজকুমার। আরো অভিনয় করেছেন জ্যাকি শ্রফ,
রামাইয়া কৃষ্ণান, তামান্না ভাটিয়া ও বিনায়কান।
রজনীকান্তকে শেষ দেখা গিয়েছিল ‘আন্নাত্তে’
ছবিতে। পরপর কয়েকটি সিনেমার ব্যর্থতার পর বিরতিতে চলে যান তিনি।
‘জেলার’র পরদিন চিরঞ্জীবীর ‘ভোলা শঙ্কর’
ও সানি দেওলের ‘গাদার টু’ মুক্তি পায়। এ দুটি সিনেমাও পর্দায় ঝড় তুলে। মুক্তির প্রথম
দিনে ‘ভোলা শঙ্কর’ ২০ কোটি ও অন্য ছবিটি আয় করে ৪০ কোটি রুপি। এছাড়া মোটামুটি দর্শক
আকর্ষণ ধরে রেখেছে অক্ষয় কুমার অভিনীত ‘ওএমজি টু’।










