দেশের আট বিভাগের ১০টি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ইতালীয় সিনেমা প্রদর্শনীর বিশেষ আয়োজন। ঢাকার ইতালীয় দূতাবাসের সহযোগিতায় ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া আয়োজন করেছে ‘ফেরি সিনেমা ২০২৩’ শীর্ষক এ চলচ্চিত্র প্রদর্শনী। ফেরি সিনেমার ষষ্ঠ আসর এটি। দেশের ১০ বিশ্ববিদ্যালয়ে চলছে এ আয়োজন। চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। 

মাসব্যাপী এ আয়োজনে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে দেখানো হবে ইতালীয় দুটি শর্ট ফিল্ম—‘দে কলড ইট কার্গো’ ও ‘আ কন্সপাইরেসি ম্যান’ এবং একটি ফিচার লেন্থ ডকুমেন্টারি ‘আনান্দা’। সিনেমার পাশাপাশি থাকবে ‘আর্ট অব ওয়াচিং সিনেমা’ শিরোনামে ভারতের চলচ্চিত্র সমালোচক সঞ্জয় মুখোপাধ্যায়ের একটি বক্তৃতা অধিবেশন। 

অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায় ভারতীয় উপমহাদেশের একজন জনপ্রিয় শিল্প ও চলচ্চিত্র সমালোচক, চলচ্চিত্র তাত্ত্বিক এবং সফল লেখক। তিনি দীর্ঘদিন কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিল্ম স্টাডিজ বিভাগে বিভাগীয় প্রধানের দায়িত্বে ছিলেন। 

চলচ্চিত্র প্রদর্শনী নিয়ে ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার (আইএএফএম) নির্বাহী বিবেশ রায় বলেন, ‘‌আমাদের প্রধান উদ্দেশ্য বিশ্ব সিনেমার সঙ্গে দেশীয় দর্শকদের পরিচয় করিয়ে দেয়া।’

আয়োজনে অংশ নিচ্ছে টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; জহির রায়হান ফিল্ম সোসাইটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; মিডিয়া ক্লাব, কেন্দ্রীয় মহিলা বিশ্ববিদ্যালয়; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়; জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়; ৩৫ এমএম মুভি ক্লাব, খুলনা বিশ্ববিদ্যালয়; চোখ ফিল্ম সোসাইটি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট; ফিল্ম অ্যান্ড আর্ট সোসাইটি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর; ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়।