বলিউডে বেশকিছু পুরনো সিনেমা নতুন করে মুক্তি দেয়া হয়েছে। মজার ব্যাপার হচ্ছে, নতুন সিনেমার পাশাপাশি পুরনো এসব সিনেমা দেখতেও দর্শক হলমুখী হচ্ছেন। অনেক ক্ষেত্রে নতুন সিনেমার তুলনায় পুরনো সিনেমার দর্শক হচ্ছে বেশি। নতুন করে মুক্তি দেয়া সিনেমার মধ্যে অন্যতম ইমতিয়াজ আলী পরিচালিত জাব উই মেট। সিনেমাটিতে অভিনয় করেছেন কারিনা কাপুর ও শহীদ কাপুর। ২০০৭ সালে মুক্তি পাওয়া সিনেমাটি বলিউডের রোমান্টিক ধারার অন্যতম সফল সিনেমা। সে সময় দারুণ জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি সিনেমাটি নতুন করে মুক্তি পাওয়ার পরও দর্শকপ্রিয়তা পেয়েছে। এমন সাফল্য যেকোনো সিনেমার জন্যই আরাধ্য। জাব উই মেট প্রসঙ্গে কথা বলতে গিয়ে কারিনা কাপুর জানালেন সিনেমাটি কেন এখনো এত জনপ্রিয়।
ফিল্ম করপোরেশনের সঙ্গে সাক্ষাৎকারে কারিনা কাপুর প্রথমেই জানিয়েছেন সিনেমাটির জনপ্রিয়তা পুরোপুরিই এর দর্শকের কারণে এসেছিল। সেখানে আলাদা কোনো প্রচারণা বা বাহ্যিক প্রভাব কাজে লাগানো হয়নি। এ কারণে জাব উই মেটের সাফল্যের সঙ্গে কোনো কিছুর তুলনা করা হবে ভুল। সিনেমাটি নিয়ে শুরুতে কারো বেশি প্রত্যাশা ছিল না। কিন্তু মুক্তির পর দর্শকই একে আপন করে নেয়। কারিনা বলেন, ‘জাব উই মেট নতুন করে তৈরি করা সম্ভব না। এ সিনেমার নিজস্বতা, এর মধ্যকার সরলতার বিষয়টিই ভিন্ন। ইমতিয়াজ, আমি বা শহীদ; আমাদের মূল লক্ষ্য ছিল সবার এনার্জি মিলিয়ে একটা কাজ করার। এ কারণেই সিনেমাটি বিশেষ হয়ে উঠেছিল। আমরা কেউ ভাবিনি আমরা বড় একটা হিট বা দারুণ একটা লাভ স্টোরি রেখে যাব।’
এ বছর ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে নতুন করে মুক্তি দেয়া হয়েছিল জাব উই মেট। অভূতপূর্ব সাড়া দিয়েছিল দর্শক। সিনেমাটির মুক্তি নিয়ে ইমতিয়াজ আলী লিখেছিলেন, ‘জাব উই মেট নতুন করে মুক্তির ক্ষেত্রে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার কোনো না কোনো মাধ্যম নিশ্চয়ই আমি খুঁজে পাব। এখনো আমি মনে করতে পারি কোনো এক শহরের থিয়েটারে সিনেমার টিম নিয়ে দর্শকের সঙ্গে সিনেমা উপভোগ করছি।’ জাব উই মেট পুনরায় মুক্তি দেয়ার পর থিয়েটারে দর্শকের ভিড় ও সিনেমার গানে তাদের নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তোলে। কারিনা জানান তিনি নিজেও ভিডিওগুলো দেখেছেন এবং তার মন ভালো হয়ে গেছে।
শহীদ কাপুরও সিনেমা নিয়ে দর্শকের এ আগ্রহ দেখেছেন। সিনেমা মুক্তির আগে তিনি একটি পোস্ট করেন যার ক্যাপশন ছিল, ‘১৬ বছর পর জাব উই মেট।’ সিনেমাটি নিয়ে শহীদের আবেগ ও অনুভূতি অন্য মাত্রার। পিঙ্কভিলার সঙ্গে সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল এ রকম সিনেমায় তিনি আর অভিনয় করেন না কেন। শহীদ বলেন, ‘আমার মনে হয় এ রকম সিনেমা দুই দশকে একটাই হয়। চাইলেই দিন দিন এ রকম সিনেমা তৈরি করা যায় না।’ সিনেমায় গীত ও আদিত্যর চরিত্র এত জনপ্রিয় হয়েছিল যে আজও তাদের রসায়ন নিয়ে কথা হয়। চরিত্র দুটিতে এ সময়ের কোন অভিনেতা-অভিনেত্রীকে শহীদ বাছাই করবেন? সিদ্ধার্থ কাননের প্রশ্নের জবাবে শহীদ বলেন, ‘আমার চরিত্রের ব্যাপারে জানি না তবে গীত চরিত্রে কারিনার জায়গায় বা কারিনার বদলে আমি কারো কথা ভাবতে পারি না।’ কেননা শহীদের মতে কারিনা ছাড়া গীত চরিত্রটির প্রতি সুবিচার কেউ করতে পারবে না।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










