সানডান্স ফিল্ম ফেস্টিভ্যালে ঘটে গেল একটি অপ্রীতিকর ঘটনা। সিনেমার প্রিমিয়ার থেকে ওয়াক আউট করেন জুরি সদস্যরা। শুক্রবার রাতে প্রদর্শিত ম্যাগাজিন ড্রিমস সিনেমাটি নিয়ে এ ঘটনা ঘটে। জুরিদের ওয়াক আউট করার কারণ ছিল এ সিনেমায় যথাযথ ক্যাপশন ও সাবটাইটেল না থাকা। এখানে ক্যাপশন বলতে আসলে সাবটাইটেল বোঝানো হয়েছে। ‘ক্যাপশন’ না থাকার কারণে বধির দর্শকরা সিনেমাটির সারবত্তা অনুধাবন করতে পারছিলেন না। মূলত জুরি সদস্যদের মধ্যে ছিলেন অভিনেত্রী মার্লি ম্যাটলিন। তিনি নিজে একজন বধির। গত বছর অস্কারজয়ী সিনেমা কোডার অভিনেত্রী মার্লি।
সানডান্স চলচ্চিত্র উৎসবের ড্রামাটিক বিভাগের জুরি ছিলেন জেরেমি ও হ্যারিস, এলিজা হিটম্যান ও ম্যাটলিন। সিনেমাটি প্রদর্শনের আগে ম্যাটলিনকে একটি ক্যাপশন ডিভাইস দেয়া হয়, কিন্তু সেটি ঠিকমতো কাজ করেনি। যন্ত্রটি এর পরে ঠিক করা হয়, কিন্তু তাতে অনেকটা সময় লেগে যায়। যন্ত্রটি কাজ না করায় জুরির তিন সদস্যের সমন্বিত সম্মতিতে তারা সিনেমার প্রদর্শনী থেকে ওয়াক আউট করেন। উৎসব কর্তৃপক্ষের বরাতে জানানো হয়েছে উৎসব শেষ হওয়ার আগে জুরিদের পুনরায় এ সিনেমা দেখানোর ব্যবস্থা করা হবে।
বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, এবারের সানডান্স উৎসব শুরুর আগ থেকেই জুরি সদস্যরা সিনেমায় ক্যাপশন যুক্ত করার ব্যাপারে জোর দিয়েছিলেন। কান ও ভেনিস চলচ্চিত্র উৎসবে সিনেমায় একাধিক ভাষায় ক্যাপশনের ব্যবস্থা থাকে, যা স্ক্রিনেই দেখা যায়। এবারের সানডান্সের নিয়ম অনুসারে অ্যাটেনড্যান্টদের সহায়তা নিয়ে ক্যাপশন সুবিধা পাওয়ার কথা জানানো হয়েছিল।
ড্রামাটিক বিভাগের জুরিরা ওয়াক আউট ও ক্যাপশন না পাওয়ার ক্ষেত্রে উৎসব কর্তৃপক্ষকেই দায়ী করেছেন। কিন্তু ভ্যারাইটি জানিয়েছে উন্মুক্ত ক্যাপশনের ক্ষেত্রে আপত্তি ছিল অনেক সিনেমা নির্মাতারও। কেননা এজন্য আলাদা প্রিন্ট তৈরি করতে হয়। তাতে প্রয়োজন সময় ও অর্থ। এক্ষেত্রে সিনেমা পরবর্তী সময়ে বাজারে এলে পরিবেশকদের সঙ্গেও লেনদেনে সমস্যা হওয়ার সম্ভাবনা থেকে যায়। এতকিছুর মধ্যে ‘ম্যাগাজিন ড্রিম’ নিয়ে সমস্যা তৈরি হলে জুরি সদস্যরা আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছেন উৎসব কর্তৃপক্ষকে।
ভ্যারাইটি এ চিঠির কিছু অংশ প্রকাশ করেছে। সেখানে জুরিরা লিখেছেন, ‘আমরা সবাই ভ্রমণ করে উতাহ পর্যন্ত এসেছি, যাতে স্বাধীন সিনেমা নির্মাতাদের সিনেমা দেখার পাশাপাশি তাদের উৎসাহ দেয়া যায়। একটি কক্ষে বসে অন্যান্য সিনেমাপ্রেমীর সঙ্গে ভালো সিনেমা উপভোগ করার আনন্দ রয়েছে। এর জন্য সানডান্স গুরুত্বপূর্ণ।’ এ চিঠিতেই তারা জানিয়েছেন যে জুরি হিসেবে একটি সিনেমাকে সম্পূর্ণ বোঝা বা উপভোগ করার ক্ষেত্রে কিছু বিষয় তাদের সমস্যা সৃষ্টি করেছে। সিনেমাটি তাদের তিনজনের সমানভাবে বোঝার ক্ষেত্রে সমস্যা তৈরি হওয়ার কারণেই তারা ওয়াক আউট করেছেন।
তাদের অভিযোগের বিপরীতে একটি বিবৃতি দিয়েছে সানডান্স কর্তৃপক্ষ। এ বিবৃতিতে সানডান্সের সিইও জোয়ানা ভিনসেন্ট বলেন, ‘আমাদের উদ্দেশ্য হলো সরাসরি বা অনলাইন উভয় মাধ্যমে সব দর্শক যেন সমান ও সহজভাবে সিনেমার স্বাদ নিতে পারেন। সিনেমা বোঝার সহজ করার ব্যাপারটি প্রতিনিয়ত উন্নত হচ্ছে এবং আমরা সবার কাছে পৌঁছানোর চেষ্টাও করছি।
ম্যাগাজিন ড্রিমস সিনেমাটি একজন বডিবিল্ডারের জীবন ও ক্যারিয়ারের ওপর ভিত্তি করে নির্মিত। সিনেমাটিতে এ ধারার মডেল ও তাদের জীবনের নানা উত্থান-পতনের গল্প বলা হয়েছে। এলিজা বাইনুমের পরিচালনায় এতে মূল ভূমিকায় অভিনয় করছেন জোনাথন মেজর্স।
সূত্র: ভ্যারাইটি










