বর্তমান সময়ে গৎবাঁধা গল্পের বাইরে কাজ দেখতে চায় দর্শক। ডিজিটাল এ যুগে দর্শকের একটি বড় অংশ ভিন্নধর্মী গল্প দেখতে আগ্রহী। দর্শকের কথা মাথায় রেখে ভিন্নধারার কন্টেন্টের সংখ্যা বেড়েই চলেছে আমদের দেশে। ওটিটি প্লাটফর্মগুলো দর্শকের কথা মাথায় রেখে প্রতিনিয়ত ভিন্নধারার কনটেন্ট নিয়ে আসছে। ওটিটির মধ্য দিয়ে ভিন্নধারার কন্টেন্টের প্রতি দর্শকের আগ্রহ বাড়ছে। সে ধারাবাহিকতায় সম্প্রতি চরকিতে মুক্তি পেয়েছে অনম বিশ্বাস পরিচালিত ওয়েব সিরিজ ‘ভাইরাস’।

ভাইরাস কি শুধু মানুষের শরীরেই সংক্রমণ করে, নাকি মানুষের মনেও অদৃশ্য ভাইরাস বিস্তার ঘটাতে থাকে গোপনে? যদি তাই হয়, তখন মানুষ কী করে? এ প্রশ্নের উত্তর নিয়েই আসে ওয়েব সিরিজ ভাইরাস। বাস্তব আর কল্পনার মিশেলে সিরিজটির গল্প এগিয়ে গেছে। স্ট্রিমিং শুরু হওয়ার পর থেকেই ওয়েব সিরিজটি প্রশংসা পাচ্ছে।

‘‌ দেবী’ খ্যাত পরিচালক অনম বিশ্বাসের কাছে জানতে চাওয়া হয় কোন ভাবনা থেকে এ ভাইরাস সিরিজ নির্মাণ করেছেন তিনি। জবাবে অনম বিশ্বাস বলেন, ‘ডিজিটাল সময়ের ভাত খাওয়া মানুষের জন্য এমন একটা গল্প বলতে চেয়েছি, যেটা তাদের একটু হলেও ভাবায়। পুরা শুটিংয়ের সময় এমন গরম আর রোদ ছিল, ভাগ্য ভালো কেউ পালিয়ে যায়নি। আর পালিয়ে যায়নি, তার মানে হলো গল্পটা ছেড়ে যায়নি, তারা গল্পের ভেতরে ছিল।’ দর্শকের উদ্দেশে পরিচালক বলেন, ‘আমি চাই আপনারা কন্টেন্টটা দেখুন, সমালোচনা করুন। এ সিরিজে পর্বে পর্বে আপনাদের জন্য বিভিন্ন মজা রাখা হয়েছে, মজা মিস করবেন না।’

বর্তমান সময়ে ওয়েব মাধ্যমে ব্যস্ত সময় পার করছেন শ্যামল মাওলা। একাধিক ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। ভাইরাসের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছেন এ অভিনেতা। সিরিজটির পোস্টারে ও ট্রেলারে দেখা গেছে শ্যামল মাওলা চাদর দিয়ে তার মুখের অর্ধেক ঢেকে রেখেছেন। বাকি অর্ধেকে ভাইরাস আক্রান্ত। সিরিজটিতে তার লুক প্রকাশের পর থেকেই আলোচনায় ছিলেন এ অভিনেতা। এ সিরিজে নিজের চরিত্র নিয়ে শ্যামল বলেন, ‘ভাইরাসে কাজ করার মূলে হলো অনম বিশ্বাস। তার সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল। সেই সঙ্গে এখানে আমার চরিত্রটাও একদম ভিন্ন। দর্শক দেখলেই বুঝতে পারবে যে গল্পটা একটু অন্য রকম। যারা ভিন্নতা পছন্দ করেন তাদের ভালো লাগবে আশা করছি।’

ভাইরাসের পোস্টারে ও ট্রেলারে দেখা মিলেছে তারিক আনাম খানেরও। জনপ্রিয় এ অভিনেতা বর্তমান সময়ে এসে ওটিটিতে নিয়মিত কাজ করছেন। চরকির সঙ্গে এটাই তার প্রথম কাজ। ভাইরাস ওয়েব সিরিজটি নিয়ে নিজের অভিজ্ঞতা জানতে চাইলে তারিক আনাম খান বলেন, ‘ভাইরাস এ সময়ের গল্পের অন্য রকম এক উপস্থাপন। এ রকম এনার্জিটিক পরিচালক ও টিমের সঙ্গে কাজ করে বেশ ভালো লেগেছে। দর্শকের জন্য কন্টেন্টটা উপভোগ্য হবে।’

এ সিরিজে আরো অভিনয় করেছেন শরীফ সিরাজ, রাশেদ মামুন অপু, গোলাম ফরিদা ছন্দা, ক্রিস্টানো তন্ময়, মারশিয়া শাওন, টুপুরসহ আরো অনেকে। সেই সঙ্গে এ সিরিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের একঝাঁক শিক্ষার্থী অভিনয় করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের চরিত্রের জন্য প্রশংসা পাচ্ছেন ছন্দা কন্যা টুপুর।

পোস্টার ও ট্রেলার ছাড়াও অনম বিশ্বাসের নিজের লেখা এবং খৈয়াম সানু সন্ধির সুরে ‘‌পাউডার’ নামের এ সিরিজের একটি গান এরই মধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।