‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার
মাধ্যমে সাত বছর পর পরিচালনায় ফিরলেন করণ জোহর। মুক্তির দশদিনের মধ্যে রণবীর সিং ও
আলিয়া ভাট জুটির ছবিটি ভারতের বক্স অফিসে ১০০ কোটি রুপির বেশি আয় করেছে।
নির্মাতা হিসেবে করণের ২৫ বছরে পদার্পণের
সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। তার পরিচালনায় নির্মিত বেশিরভাগ সিনেমায় শাহরুখ
খানকে দেখা গেলেও এবার ব্যতিক্রম হলো। বিষয়টি নিয়ে বেশ গুঞ্জনও রয়েছে। জবাবে করণ জোহর
স্পষ্ট করে জানালেন কেন নিজের প্রথম সিনেমার অভিনেতার কাছে যাননি। এ বিষয়ে প্রতিবেদন
প্রকাশ করেছে বলিউড হাঙ্গামা।
তিনি বলেন, ক্যামিও দৃশ্যে প্রস্তাব
দেয়ার মতো সম্পর্ক শাহরুখের সঙ্গে আমার রয়েছে। তবে আমি অহেতুক এর ব্যবহার করতে চাই
না।
এমনকি ক্যামিওর জন্য শাহরুখের সঙ্গে
কথা বলেননি করণ। তিনি বলেন, না, মোটেও না। শাহরুখ আমার জন্য ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ
সবচেয়ে গুরুত্ববহ দৃশ্যে অভিনয় করেছিলেন। সেজন্য আমি সবসময় তার কাছে কৃতজ্ঞ থাকব।
শাহরুখের ওপর আমার বিশেষ অধিকার আছে, এটি সব সময় ব্যবহার করতে পারি না। এর জন্য জোর
করতে পারি না।
শেষবার করণ জোহর প্রযোজিত ‘ব্রহ্মাস্ত্র’সিনেমায়
ক্যামিও দৃশ্যে দেখা দিয়েছেন শাহরুখ। এ প্রসঙ্গে করণ জোহর বলেন, ‘আপনার কি মনে আছে,
কোনো আর্থিক বিনিময় ছাড়াই ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার প্রয়োজনে আমাদের সঙ্গে ১৮ দিন শুটিং
করেছিলেন তিনি? সেই দৃশ্যের জন্য সময়, শরীর-মন সবকিছু উজাড় করে দিয়েছিলেন। এটি বড়
দৃশ্য ছিল। আমি যদি আবার তার কাছে যাই, খুব বেশি হয়ে যাবে। শাহরুখ কখনো আমাকে ‘না’
বলেন না। কিন্তু আমি তার কাছে যেতে পারি না। আমি মনে করি আপনার সেই সুযোগটি খুব যত্নে
রাখা দরকার। আমি অবশ্যই এটি ব্যবহার করব। কারণ শাহরুখের কাছে যাওয়ার সুযোগ আমার রয়েছে।
তবে অকারণে এর ব্যবহার চালিয়ে যেতে চাই না।’
‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে আরো
অভিনয় করেছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমি, টোটা রায় চৌধুরী ও চূর্ণী গাঙ্গুলী।










