বরেণ্য গীতিকার ও সুরকার প্রয়াত আলাউদ্দিন আলীর জন্মদিন ২৪ ডিসেম্বর। তার জন্মদিনে বিশেষ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি প্রচারিত হবে এটিএন বাংলায়। ২৪ ডিসেম্বর রাত ১১টা থেকে ১টা পর্যন্ত তার স্মরণে বিশেষ সংগীতানুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন আলম আরা মিনু, মিমি আলাউদ্দিন ও মুহিন খান। বিষয়টি নিশ্চিত করেছেন আলাউদ্দিন আলীর স্ত্রী মিমি আলাউদ্দিন। সুরস্রষ্টা আলাউদ্দিন আলীর লেখা ও সুর করা জনপ্রিয় গানগুলোই শিল্পীরা পরিবেশন করবেন। শিল্পীরা একক গানের পাশাপাশি দ্বৈত গানও পরিবেশন করবেন।
মিমি আলাউদ্দিন বলেন, ‘গান নিয়ে তার আরো অনেক স্বপ্ন ছিল। আরো কিছু গান লিখে গেছেন, সুর করে গেছেন। আমি তার স্বপ্নগুলো পূরণ করব, মানুষের মাঝে চিরদিন যেন তিনি বেঁচে থাকেন এ দোয়া চাই সবার কাছে।’
একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত ব্যক্তিত্ব আলাউদ্দিন আলী ৯ আগস্ট মৃত্যুবরণ করেন। তিনি ফুসফুসের প্রদাহ ও রক্তে সংক্রমণের সমস্যায় ভুগছিলেন দীর্ঘদিন। তার সুরারোপিত গানের মধ্যে উল্লেখযোগ্য—‘একবার যদি কেউ ভালোবাসত, ‘যে ছিল দৃষ্টির সীমানায়’, ‘দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়’, ‘এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই’, ‘সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ’, ‘এমনও তো প্রেম হয়, চোখের জলে কথা কয়’। তিনি ‘গোলাপী এখন ট্রেনে’ (১৯৭৯), ‘সুন্দরী’ (১৯৮০), ‘কসাই’ ও ‘যোগাযোগ’ চলচ্চিত্রের জন্য ১৯৮৮ সালে শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ১৯৮৫ সালে শ্রেষ্ঠ গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তিনি গৌতম ঘোষ পরিচালিত ‘পদ্মা নদীর মাঝি’ চলচ্চিত্রে সংগীত পরিচালনা করেছেন।










