অচিরেই মায়াবী জগতের রহস্য উন্মোচনের অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছে হ্যারি পটারের ভক্তরা। সঙ্গে থাকবে বাটারবিয়ারে চুমুক দেয়ার সুযোগ। আর সেজন্য তাদের গুনতে হবে বেশকিছু ইয়েন। প্রাপ্তবয়স্কদের জন্য ৬ হাজার ৩০০ ইয়েন, ১২-১৭ বছর বয়সীদের জন্য ৫ হাজার ২০০ ইয়েন এবং ৪-১১ বছরের শিশুদের জন্য ৩ হাজার ৮০০ ইয়েন টিকিটের মূল্য হিসেবে নির্ধারণ হয়েছে। তবে টিকিট অগ্রিম কিনতে হবে। ১৯৯৭ সালে প্রকাশ হয়েছিল হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার’স স্টোন। ২০০১ সালের ১৪ নভেম্বর মুক্তি পায় হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার’স স্টোন সিনেমা। সূচিত হয় এক নতুন যুগ। বইয়ের পাতা থেকে সিনেমার পর্দায় জীবন্ত হয়ে ওঠে হ্যারি পটার ও তার সঙ্গীরা। সেই থেকে দুই দশকেরও বেশি সময় ধরে হ্যারি পটারের জাদুতে মুগ্ধ দর্শক। যে জাদুশক্তি ১১ বছর বয়সে নিজের মধ্যে আবিষ্কার করেছিল হ্যারি পটার, তার রহস্য উন্মোচনে নতুন থিম পার্ক স্থাপন করেছে ওয়ার্নার ব্রোস। জাপানের রাজধানী টোকিওতে আগামী ১৬ জুন থেকে হ্যারি পটার থিম পার্কের দরজা খুলবে। এশিয়ায় এ ধরনের উদ্যোগ এটিই প্রথম। সারা বিশ্বে দ্বিতীয়।

২০১২ সালে লন্ডনে প্রথম হ্যারি পটার থিম পার্ক স্থাপন করে ওয়ার্নার ব্রোস। উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত বিশ্বের ১ কোটি ৭০ লাখ হ্যারি পটার ভক্তদের বিনোদিত করেছে এ থিম পার্ক। হ্যারি পটার ভক্তকে পাশাপাশি এ থিম পার্কে এসে নিরাশ হবেন না ফ্যান্টাস্টিক বিস্টস সিরিজের ভক্তরাও। তাদের জন্যও আছে প্রদর্শনীর ব্যবস্থা।

সূত্র: দ্য স্ট্রেইটস টাইমস