আশির দশক থেকেই বাংলাদেশের বিনোদন অঙ্গনের নিয়মিত মুখ আফজাল হোসেন। অভিনয়, মডেলিং থেকে শুরু করে নির্মাণ সব অবস্থানেই দর্শকের ভালোবাসা পেয়েছেন এ অভিনেতা। বর্তমান সময়ে সিনেমার পাশাপাশি ওয়েব কনটেন্টে নিয়মিত কাজ করছেন তিনি। নতুন খবর হলো জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীনের নতুন ওয়েব ফিল্মে দেখা যাবে আফজাল হোসেনকে।
‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ শিরোনামের ওয়েব ফিল্মটির গল্প বাবা-মেয়েকে নিয়ে। নির্মাতা জানান, ক্রাইম-থ্রিলার জনরার ফিল্মটি সত্য ঘটনা অবলম্বনে করা হবে। এতে বাবার চরিত্রে দেখা যাবে আফজাল হোসেনকে এবং তার মেয়ের চরিত্রে তাসনিয়া ফারিণ।
বর্তমান সময়ে ওটিটি প্লাটফর্মে নিয়মিত কাজ করছেন শিহাব শাহীন। এর মধ্যে অন্যতম ‘সিন্ডিকেট’, ‘মায়াশালিক’। সর্বশেষ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজ দিয়ে আলোচিত হয়েছেন এ নির্মাতা। আসন্ন ওয়েব ফিল্মটি নিয়ে জানতে চাইলে এ নির্মাতা বলেন, ‘এটা আফজাল ভাইয়ের সঙ্গে আমার প্রথম কাজ। যেটা আমার কাছে এখনো অবিশ্বাস্য। হুমায়ুন ফরীদি ভাইয়ের কাজের সুযোগটা মিস করেছি। ওনার সঙ্গে আমার দারুণ পরিচয় ছিল। তিনি আমার কাজও পছন্দ করতেন। অথচ করব করব করে আমরা একসঙ্গে একটি কাজও করতে পারিনি। আফজাল ভাইয়ের সঙ্গে কাজ করা নিয়ে আক্ষেপ ছিল। অবশেষে তার সঙ্গে কাজ করতে যাচ্ছি। এটা আমার অনেক আনন্দের।’
ওয়েব ফিল্মটির গল্প প্রসঙ্গে শিহাব শাহীন জানান, ওয়েব ফিল্মটি নির্মাণ হবে তার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনাকে কেন্দ্র করে। তার মেয়ে অস্ট্রেলিয়া থাকেন। হঠাৎ একদিন তার মেয়ে সফেন ফোন দিয়ে বলেন, ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি।’ এ ঘটনাকে কেন্দ্র করেই ওয়েব ফিল্মটি করা। এতে থাকছে থ্রিল।
ওটিটি প্লাটফর্ম বিঞ্জের জন্য নির্মাণ হচ্ছে ওয়েব ফিল্মটি।
১৭ আগস্ট ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’র শুটিং শুরু হবে। প্রথম লটের শুটিং হতে যাচ্ছে অস্ট্রেলিয়ায়। সেখানে প্রায় এক সপ্তাহ শুটিংয়ের পর বাকি অংশের দৃশ্যায়ন হবে বাংলাদেশে। ওয়েব ফিল্মটিতে আফজাল হোসেন, তাসনিয়া ফারিণ ছাড়া আরো দেখা যাবে খায়রুল বাসারকে। বর্তমান সময়ে তিন তারকাই দারুণ ব্যস্ত। দেখার পালা ওয়েব ফিল্মটিতে কী চমক নিয়ে আসেন নির্মাতা ও এ তিন তারকা।










