দেশে জনপ্রিয় হচ্ছে পপ কালচার। এ ধারণা নিয়েই প্রথমবার ঢাকায় শুরু হচ্ছে পপ কালচার ফেস্টিভ্যাল ‘ঢাকা সামার কন ২০২৩’। আজ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ৩ ও ৪ নম্বর হলে তিন দিনব্যাপী এ আয়োজন শুরু হতে যাচ্ছে। ঢাকা সামার কনের এক মঞ্চেই পারফর্ম করবে ৩০টি ব্যান্ড।
এ কনসার্টে প্রথম দিন পারফর্ম করবে আটটি ব্যান্ড। এগুলো হলো ওল্ড ঢাকা ডায়েরিস, ফিরোজ জং, ইন্দালো, বাংলা ফাইভ, লেভেল ফাইভ, ওউনড, অড সিগনেচার ও ড্যাডস ইন দ্য পার্ক। এছাড়া পরিবেশনায় থাকছে হাতিরপুল সেশনস, কে-পপ পারফরম্যান্স, রায়হান ইসলাম শুভ প্রমুখ।
দ্বিতীয় দিন পারফর্ম করবে মেসিয়ানিক এরা, নেইভ, এনকোর, সাবকনশাস, আফটারম্যাথ, সোনার বাংলা সার্কাস, অ্যাশেজ, ব্রহ্মপুত্র, ক্রিপটিক ফেইট ও আর্টসেল। এছাড়া এদিন কে-পপ পরিবেশনা ও র্যাপ ব্যাটেলও থাকছে আকর্ষণ হিসেবে। শেষ দিনের পরিবেশনায় থাকছে আপেক্ষিক, মেকানিকস, কার্নিভ্যাল, ব্ল্যাক, আরবোভাইরাস, অ্যাভয়েড রাফা ও ওয়ারফেইজ ব্যান্ডগুলো। পাশাপাশি পারফর্ম করবেন এ কে রাহুল, ব্ল্যাক জ্যাং ও শাফায়েত। ঢাকা সামার কনে কনসার্টের পাশাপাশি আরো অনেক আয়োজন থাকছে। যেমন কসপ্লে প্রতিযোগিতা, কমিক বই, এক্সপেরিয়েন্স জোন, কিডস জোন, হিপ পপ, কে-পপ, গেমিং, ফুড জোন, প্যানেল আলোচনা ইত্যাদি।
ঢাকা সামার কন ২০২৩-এর কনভেনর ও মিডিয়াকোয়েস্ট বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা তারিকুল সুমন বলেন, ‘ দেশের জনপ্রিয় সব ব্যান্ডের মিলনমেলা হয়ে উঠবে ঢাকা সামার কনের মঞ্চ। শুধু কনসার্ট নয়, দেশের সবচেয়ে বড় পপ কালচার উৎসব হতে যাচ্ছে এটি।’










