নাট্যদল প্রাঙ্গণেমোর মঞ্চে নিয়ে আসছে তাদের দর্শকনন্দিত নাটক ‘শেষের কবিতা’। নাটকটি এবার সম্পূর্ণ নতুন আঙ্গিকে, নতুন ভাবনায় মঞ্চে উপস্থাপন করা হয়েছে। লাবণ্য চরিত্রে নূনা আফরোজ অভিনয় করলেও এবার অমিত চরিত্রে থাকছে নতুন চমক। আগামী ৩০ চৈত্র (১৩ এপ্রিল) চৈত্রসংক্রান্তির দিন সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নতুনভাবে শেষের কবিতা নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হবে। ১ বৈশাখ (১৪ এপ্রিল, সন্ধ্যা ৭টা) একই মিলনায়তনে নাটকটির আরো একটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাস থেকে এর নাট্যরূপ দিয়েছেন অনন্ত হিরা আর নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ। এটি দলের ষষ্ঠ প্রযোজনা এবং ৪৫তম ও ৪৬তম মঞ্চায়ন।

শেষের কবিতা নাটকে অভিনয় করেছেন অনন্ত হিরা, নূনা আফরোজ, ইউসুফ রাসেল, সাহেদ সরদার প্রমুখ। শেষের কবিতা নাটকে মঞ্চ করেছেন ফয়েজ জহির, আলো ঠান্ডু রায়হান ও তোফিক আজীম রবিন, সংগীত রামিজ রাজু, পোশাক নূনা আফরোজ, কোরিওগ্রাফি ইভান শাহরিয়ার সোহাগ ও রূপসজ্জা জনি সেন।

বিলাতফেরত ব্যারিস্টার অমিত রায় ও লাবণ্যর গল্প। নির্জন পাহাড়ের সবুজ অরণ্যঘেরা দুর্লভ অবসরে দুজন দুজনকে দেখে মুগ্ধ হয়। যার পরিণতি ভালোবাসায়। যে লাবণ্য কেবলই বই পড়বে আর পাস করবে, এমনি করেই তার জীবন কাটবে ভেবেছিল সে লাবণ্য হঠাৎ আবিষ্কার করল সেও ভালোবাসতে পারে। আর অমিত তো মেয়েদের কাছে সোনার রঙের দিগন্তরেখা, ধরা দিয়েই আছে, তবু ধরা দেয় না। রুচির তৃঞ্চা মিটিয়ে কত সুন্দরী মেয়েদের পাশ কাটিয়ে এসেছে এতকাল। সেই অমিত বন্দি হলো লাবণ্যর প্রেমে। এভাবেই এগিয়ে চলে নাটকের দৃশ্য।