সম্প্রতি টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষে
কাছে বিস্ফোরিত হয় টাইটান নামের পর্যটকবাহী সাবমার্সিবল। ওই ঘটনায় পাঁচজন নিহত হন।
বিষয়টি নিয়ে চলচ্চিত্র বানাচ্ছেন ‘টাইটানিক’-খ্যাত জেমস ক্যামেরন,
এমন দাবিকে ‘আপত্তিকর’ বলে মন্তব্য
করেছেন তিনি। খবর দ্য গার্ডিয়ান।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান ঘনিষ্ট সূত্রের
বরাত দিয়ে খবরটি প্রকাশ করলে দ্রুত প্রতিক্রিয়া জানান জেমস ক্যামেরন। ওই প্রতিবেদনে
বলা হয়, ধ্বংসপ্রাপ্ত টাইটান সাবের ওপর সিরিজ তৈরির জন্য কাজ করছে প্রধান একটি স্ট্রিমিং
নেটওয়ার্ক। এ বিষয়ে তাদের প্রথম পছন্দ জেমস ক্যামেরন। বর্তমানে দুই পক্ষ সিরিজটি নির্মাণ
নিয়ে আলোচনা করছে।
প্লাটফর্মটির ধারণা, জেমস ক্যামেরন টাইটানিকের
গল্প এত সহানুভূতির সঙ্গে বলেছিলেন যে টাইটানের গল্পটি তার পক্ষে বলা সম্ভব। এর জন্য
প্রচুর বাজেট ও সময় বরাদ্দ করা হবে।
কিন্তু গতকাল শনিবার (১৫ জুলাই) টুইটারে
কড়া জবাব দেন জেমস ক্যামেরন। তিনি বলেন, আমি
সাধারণত মিডিয়ার আপত্তিকর কথার জবাব দিই না। তবে এখন দিচ্ছি। আমি ওশানগেটের ঘটনায়
চলচ্চিত্র তৈরি নিয়ে আলোচনা করছি না। কখনো করবও না।
গত মাস ওশানগেট এক্সপেডিশনের প্রতিষ্ঠাতা
স্টকটন রাশ আরো চার অভিযাত্রীসহ টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে আটলান্টিকের তলদেশে নামেন।
কিন্তু টাইটান নামের ডুবোজাহাজে দুই ঘণ্টার মধ্যেই বিস্ফোরিত হয়।
জেমস ক্যামেরন শুধু নির্মাতাই নন গভীর
সমুদ্র ও টাইটানিক বিশেষজ্ঞ। তার রয়েছে সাবমার্সিবল কোম্পানি। তিনি নিজেই টাইটানিকের
ধ্বংসস্তূপের কাছে ৩৩ বার ডুব দিয়েছিলেন।
সাব বিস্ফোরণের খবরের পর এর নির্মাণ ত্রুটি
বিষয়ে অবগত ছিলেন বলে জানান জেমস ক্যামেরন। আগেই ওশানগেটকে একাধিক বিশেষজ্ঞ ও প্রকৌশলী
সাবধান করে দিয়েছিল। কিন্তু যথাযথ পরীক্ষা না করেই যাত্রী নিয়ে রওনা হয় টাইটান।
তবে জেমস ক্যামেরনের প্রতিক্রিয়া নিয়ে
দ্য সান একদম নিরুত্তর। দ্য গার্ডিয়ান এ বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ করলেও সাড়া পায়নি।










