ঘোষিত হলো গোল্ডেন গ্লোবের ৮০তম আসরের সেরাদের নাম। স্বাভাবিকভাবেই যাদের সম্পর্কে আশাবাদ ছিল, তারাই বিভিন্ন শাখায় পুরস্কার লাভ করেছেন। এর মধ্যে আছেন স্টিভেন স্পিলবার্গ, মার্টিন ম্যাকডনা, অস্টিন বাটলার, কেট ব্ল্যানচেট, কলিন ফ্যারেল প্রমুখ।
গোল্ডেন গ্লোবের এবারের আসরের কয়েকটি আকর্ষক বিষয় ছিল। প্রথমত, লাইভ স্ট্রিমিংয়ে দেখার সুযোগ। এছাড়া অস্কারের আগে গোল্ডেন গ্লোবের পুরস্কার ঘোষণা। কারা অস্কার পেতে যাচ্ছে, তার ওপর এ পুরস্কার ঘোষণার প্রভাব পড়বে।
এবারের গোল্ডেন গ্লোবে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে স্টিভেন স্পিলবার্গ পরিচালিত ‘দ্য ফেবলম্যানস’। বেস্ট পিকচার (ড্রামা) বিভাগে এ পুরস্কারের পাশাপাশি স্পিলবার্গ মোশন পিকচারের সেরা পরিচালকও হয়েছেন। মজার ব্যাপার, স্পিলবার্গ এ সিনেমা নির্মাণের বিষয়ে একসময় দ্বিধাদ্বন্দ্বে ভুগেছেন। নিজের গল্পটা বলা তার জন্য ছিল সাহসের বিষয়। তিনি বলেন, ‘এ গল্পের মধ্যে আমি অনেক বিষয় যুক্ত করেছি। আমার পুরো ক্যারিয়ারের মূল বিষয়গুলো এখানে এসেছে। আমার মনে হয়েছে এগুলো বলা প্রয়োজন। কভিডের সময় আমার মনে হয়েছিল, আর কোনো গল্প বলার সুযোগ হয়তো আমাদের হবে না।’
গত বছরের সেরা সিনেমার তালিকায় অন্যতম দ্য ব্যানশিস অব ইনশিরিন। মিউজিক্যাল/কমেডিতে সেরা হয়েছে সিনেমাটি। এর জন্য মার্টিন ম্যাকডনা পুরস্কৃত হয়েছেন। মোশন পিকচার ড্রামায় সেরা অভিনেতা হয়েছেন অস্টিন বাটলার। টারের জন্য সেরা অভিনেত্রী কেট ব্ল্যানচেট। সেরা টেলিভিশন সিরিজ হাউজ অব দ্য ড্রাগন।
মিউজিক্যাল/কমেডি সিনেমা বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মিশেল ইয়ো। এভরিথিং এভরিহোয়্যার অ্যাট ওয়ান্স সিনেমায় তার অভিনয়ের জন্য এ সম্মাননা পেয়েছেন। একই সিনেমায় অভিনয়ের জন্য মোশন পিকচারে সেরা পার্শ্বঅভিনেতা হয়েছেন কে হু কুয়ান। সেরা পার্শ্বঅভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অ্যাঞ্জেলা ব্যাসেট। ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভারের জন্য এ পুরস্কার পেয়েছেন। তিনি বলেন, ‘আমরা কেঁদেছি, আমরা ভালোবেসেছি, আমরা বিষাদ কাটিয়ে উঠেছি এবং পুরোটা সময় চ্যাডউইক বোজম্যানের শুভবোধ আমাদের ঘিরে ছিল।’
জেরড কারমাইকেলের উপস্থাপনায় এবারের আয়োজনটি উপভোগ্য হয়েছে। গোল্ডেন গ্লোবের জন্যই এবারের আসর গুরুত্বপূর্ণ। কেননা দুর্নীতি ও সমালোচনা পেরিয়ে তারা পুরনো গৌরব ফিরিয়ে আনার চেষ্টা করছে।
নিঃসন্দেহে এবারের আসরের সবচেয়ে বড় চমক আরআরআর সিনেমার ‘নাটু নাটু’ গানটি মোশন পিকচার অরিজিনাল সং বিভাগে সেরা হয়েছে। এর মধ্য দিয়ে অস্কারের দিকে আরো এক ধাপ এগিয়ে গেলেন এসএস রাজামৌলি। বলা যায় এবারের গোল্ডেন গ্লোবে নাটু নাটুই সবচেয়ে বড় চমক।
সূত্র: গোল্ডেন গ্লোব










