আমির খান অভিনীত ‘থাগস অব হিন্দুস্তান’ মুক্তি পায় ২০১৮ সালে। এর দুই বছর আগে মুক্তি পায় ‘দঙ্গল’। বলিউডের অন্যতম সেরা ব্যবসাসফল সিনেমা এটি। কিন্তু দঙ্গলের দুই বছর পর মুক্তি পাওয়া থাগস অব হিন্দুস্তান চূড়ান্ত ব্যর্থ হয়। সিনেমাটি আমির খানের ক্যারিয়ারেও একটা কলঙ্ক হয়ে থাকছে। কিন্তু সম্প্রতি আমির খান জানালেন, সিনেমাটি তিনি নিজেও খুব একটা পছন্দ করতে পারেননি। তিনি সিনেমাটিতে বেশকিছু পরিবর্তন আনার জন্য প্রযোজক আদিত্য চোপড়া ও পরিচালক বিজয় কৃষ্ণ আচার্যকে পরামর্শ দিয়েছিলেন, কিন্তু তারা সেসব পরামর্শ মানেননি। ২০১৮ সালের দীপাবলিতে মুক্তি পাওয়া থাগস অব হিন্দুস্তান প্রথম দিনই আয় করেছিল ৫০ কোটি রুপি। বলিউডে সে সময়ের সর্বোচ্চ বা সবচেয়ে বড় ওপেনিং ছিল এটি। কিন্তু এর পরই দর্শক সিনেমাটি থেকে মুখ ফিরিয়ে নেয়। আমির খান সম্প্রতি একটি কথোপকথনে বলেন, ‘অনেক দিন পার হয়ে গেছে সিনেমাটার। তবে সত্যি বলতে, শুরুতেই অনেক কিছু পছন্দ হয়নি আমার। আমি আদিত্য ও বিজয় কৃষ্ণকে সম্মান করি, কিন্তু ওদের সঙ্গে আমার মতের মিল ছিল না।’

আমির খান জানান, নির্মাতাদের সঙ্গে তার মতপার্থক্য ছিল সিনেমার গল্পের গতি নিয়ে। তিনি দীর্ঘ সময় নির্মাতাদের বোঝানোর চেষ্টা করেও সফল হননি। আমির বলেন, ‘আমার মনে হয়েছিল গল্পের গতি ঠিক নেই। কিন্তু নির্মাতারা আত্মবিশ্বাসী ছিলেন। আট মাস চেষ্টা করেও তাদের বোঝাতে পারিনি যে দর্শক সিনেমাটা গ্রহণ করবে না। তারপর তাদের কথামতোই কাজ করেছি।’

আমির আরো একটি বিষয় বলেছেন এ আলাপে। সিনেমা মুক্তির আগের দিন তিনি বেঘোরে ঘুমিয়েছেন। এমনিতে সিনেমা মুক্তির আগে তার ঘুম হয় না। সে সময় কিরণ রাও আমিরকে জিজ্ঞেস করেছিলেন তিনি কেন এভাবে ঘুমাচ্ছেন। উত্তরে আমির বলেছিলেন, ‘এ সিনেমা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। আমি জানি, সিনেমাটা ভালো করবে না। আমি নিজেই যে সিনেমা পছন্দ করতে পারিনি, সেটা দর্শক পছন্দ করবে এ আশা করি না।’

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস