বছর শেষ হতে বাকি আছে আর মাত্র তিন মাস। এ তিন মাসেই মুক্তির অপেক্ষায় আছে একাধিক সিনেমা। অনেক নির্মাতাই সিনেমা মুক্তির তারিখ দিচ্ছেন। সম্প্রতি জানা গেল ২৭ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে আদর আজাদ ও চিত্রনায়িকা মানসী প্রকৃতির নতুন সিনেমা ‘যন্ত্রণা’। এ সিনেমার মধ্য দিয়ে প্রথমবার জুটি হিসেবে হাজির হচ্ছেন আদর ও মানসী।
আব্দুল্লাহ জহির বাবুর গল্পে সিনেমাটি পরিচালনা করেছেন আরিফুর জামান আরিফ। অনেক আগেই সিনেমাটির নির্মাণ কাজ শেষ হয়েছে। সিনেমা মুক্তির খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।
এ সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতির পর নতুনভাবে বড় পর্দার জন্য কাজ করেছেন ছোট পর্দার নিয়মিত মুখ মানসী প্রকৃতি। তিনি বলেন, ‘দীর্ঘ সময় পর নতুন সিনেমা নিয়ে দর্শকের মুখোমুখি হতে যাচ্ছি। যেহেতু অনেকদিন পর সিনেমায় কাজ করেছি। তাই বুঝেশুনে ভালো একটি গল্প দিয়েই ফিরতে চেয়েছিলাম। যন্ত্রণা তেমনই একটি গল্প। নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি চরিত্রটি ফুটিয়ে তুলতে। বাকিটা দর্শক বলতে পারবেন কতটুকু পেরেছি। সময় যতটা ঘনিয়ে আসছে ততটা নার্ভাস লাগছে। তবে এতটুকু বলতে পারব প্রেক্ষাগৃহে এসে দর্শক নিরাশ হবেন না। সবাইকে প্রেক্ষাগৃহে এসে সিনেমাটি দেখার আহ্বান রইল। আশা করছি, জুটি হিসেবে আমাদের প্রথম কাজ দর্শক ভালোভাবে গ্রহণ করবেন।’
আদর আজাদ বলেন, ‘ভালোবাসার গল্পে সিনেমাটি নির্মিত হয়েছে। গল্পে নতুনত্ব আছে। বর্তমান সময়কে মাথায় রেখেই সিনেমাটি নির্মিত হয়েছে। এ সিনেমার মাধ্যমে প্রথমবার আমরা একসঙ্গে কাজ করেছি। আশা করছি, সিনেমাটি মুক্তি পেলে দর্শক পছন্দ করবেন।’
সিনেমাটিতে আদর-প্রকৃতি ছাড়াও আরো অভিনয় করেছেন সায়মা স্মৃতি, শতাব্দী ওয়াদুদ, ডন, বড়দা মিঠু, আশরাফ কবির, সোহেল রশিদ, গাঙ্গুয়া, জাহিদ, পারভেজ সুমন, শেখ স্বপ্না, পারভিন আক্তার, অতিথি শিল্পী তনামি হক প্রমুখ।










