সিয়াম আহমেদ ও পূজা চেরীর নতুন সিনেমা শান মুক্তি পাচ্ছে ৭ জানুয়ারি। এ উপলক্ষে চলছে জোর প্রচারণা। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছবিটির ট্রেলার মুক্তি দেয়া হবে। এ উপলক্ষে সিয়াম, পূজাসহ পুরো শান টিম যাচ্ছে টিএসসিতে। সেখানেই উপস্থিত দর্শকদের সামনে উন্মুক্ত করা হবে সিনেমাটির ট্রেলার।
শান প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ডাস চত্বরে শান চলচ্চিত্রের কলাকুশলীরা দর্শকদের সামনে উন্মুক্ত করবেন এর ট্রেলার। একই সময়ে ট্রেলারটি অনলাইনেও উন্মুক্ত করা হবে। শান টিম উপস্থিত থাকবে বিকাল সাড়ে ৫টা থেকেই।
সিয়াম-পূজার রসায়ন থাকলেও শান সিনেমার গল্প অ্যাকশন-থ্রিলারধর্মী। এখানে প্রথমবারের মতো ফাইটিং দৃশ্যে দেখা যাবে সিয়ামকে। সিনেমাটি নির্মাণ করেছেন এম রাহিম। এতে সিয়াম-পূজা ছাড়াও অভিনয় করেছেন তাসকিন, চম্পা, অরুণা বিশ্বাস, হাসান ইমাম, মিশা সওদাগর, নাদের চৌধুরী, ডন, আরমান পারভেজ মুরাদ প্রমুখ। সিনেমাটির কাহিনী লিখেছেন আজাদ খান। তার সঙ্গে যৌথভাবে প্রযোজনা করেছেন এম আতিকুর রহমান।










