এপ্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ঈদে বিভিন্ন ধরনের গল্পের নাটকে অভিনয়ে দেখা গেছে তাকে। বিভিন্ন টিভি চ্যানেল ও ইউটিউবে প্রকাশ হওয়া নাটকগুলোয় তার অভিনয়ে দর্শক মুগ্ধ হয়েছেন। সময়ের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের বিপরীতে এসআর মজুমদারের ‘আজব গোল্লা’, তাইফুর জাহান আশিকের ‘গরীব জামাই’ ও মোহাসীন আকাশের ‘মাইরের উপর ঔষুধ নাই’ নাটকে তানিয়া বৃষ্টি নিখুঁত অভিনয় করেছেন। এছাড়া এখন পর্যন্ত ইউটিউবে প্রকাশিত জাকিউল ইসলাম রিপনের ‘টাইটানিকে ঈদ যাত্রা’,‘ চোরের ঘরে চুন্নি’, শহীদ উন নবীর ‘ভুল করে মিসটেক’ ও মাসুদ রানা অনিকের ‘ভাড়াটে স্বামী’ নাটকেও চমৎকার অভিনয় করেছেন বৃষ্টি। তবে মোশাররফ করিমের বিপরীতে অভিনীত নাটকগুলোয় তানিয়ার অভিনয় ছিল দুর্দান্ত। অবশ্য তিনি যখন থেকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করে আসছেন তখন থেকেই বলে আসছিলেন যে সহশিল্পী হিসেবে মোশাররফ করিমের সঙ্গেই তিনি অভিনয় করতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। ঈদে নিজের প্রচারিত নাটকগুলো প্রসঙ্গে তানিয়া বৃষ্টি বলেন, ‘এবারের ঈদে মোশাররফ ভাইয়ের সঙ্গে বেশ ক’টি নাটকই প্রচারে এসেছে। প্রতিটি নাটকেরই গল্প আলাদা, প্রতিটি নাটকেই আমার চরিত্র অন্য রকম। মোশাররফ ভাইয়ের সঙ্গে অভিনয় করার ক্ষেত্রে একটা প্রস্তুতি নিয়েই কাজ করতে হয়। কারণ তিনি ভীষণ গুণী অভিনেতা। তার সঙ্গে যতবারই কাজ করি ততবারই নতুন কিছু শিখি। তিনি আসলে অভিনয়ের বিদ্যাপীঠ বলেই আমি মনে করি। তবে এটাও সত্যি, মোশাররফ ভাইয়ের সঙ্গে অভিনয় যতটা না আমি উপভোগ করি, তার কাছে গল্প শুনতে আরো বেশি ভালো লাগে। কারণ দুনিয়ার এমন কোনো বিষয় নেই যে সে সম্পর্কে তার জ্ঞান নেই। ঈদে যারা আমাকে নিয়ে কাজ করেছেন, তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। দর্শকের প্রতি অপরিসীম ভালোবাসা।’