ঈদ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রযোজনায় এবার নির্মিত হয়েছে চারটি নাটক, যা প্রচারিত হবে ঈদের আগের দিন থেকে ঈদের তৃতীয় দিন পর্যন্ত রাত ৮টার বাংলা সংবাদের পর। জনপ্রিয় নাট্যকারদের চিত্রনাট্যে নাটকগুলোর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নামকরা অভিনয়শিল্পীরা। ঈদের আগের দিন প্রচারিত হবে মাতিয়া বানু শুকুর রচনায় ও মাহবুবা ফেরদৌসের প্রযোজনায় নাটক ‘রিটার্ন টিকেট’। নাটকে দেখা যাবে, ক্যারিয়ারসচেতন ছেলে মায়ের পছন্দে বিয়ে করেছেন একটু বেশি বয়সে; যে বিয়ের পর সংসার করাকে যন্ত্রণা মনে করে। অন্যদিকে মিশুক স্বভাবের বৌ, শাশুড়ির ভীষণ আদরের। সারাদিন মোবাইল, ফেসবুক, লাইভ ও টিকটক করতে ভালোবাসে। দুই মেরুর দুজন মানুষের সংসারযাপন ও তাদের পরিবার নিয়ে ঘটতে থাকে নানা ঘটনা। নাটকটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, ডলি জহুর, আসনা হাবিব ভাবনা, ডা. এজাজ, নরেশ ভূঁইয়া, আল মামুন প্রমুখ।
ঈদের দিন প্রচারিত হবে আজাদ আবুল কালামের রচনায় ও এসএম নোমান হাসানের প্রযোজনায় নাটক ‘দূর সম্পর্ক’। একজন উচ্চপদস্থ কর্মকর্তা ও তার পরিবারে গ্রাম থেকে আসা এক আত্মীয়কে (ছদ্মপরিচয়) ঘিরে আবর্তিত হয়েছে নাটকের কাহিনী। এ নাটকে অভিনয় করেছেন মানস বন্দ্যোপাধ্যায়, আজাদ আবুল কালাম, সাবেরী আলম, আয়েশা লাবণ্য, মায়মুনা ফেরদৌস, আহনাফ আবরারসহ আরো অনেকে। ঈদের দ্বিতীয় দিন প্রচারিত হবে নাটক ‘উকিল বশীকরণ’। মাসুম রেজার চিত্রনাট্যে নাটকটি প্রযোজনা করেছেন ঈমাম হোসাইন। নাটকে দেখা যাবে, পুরুষবিদ্বেষী পাত্রী উর্মিলা করকে কোনোমতেই বিয়ের জন্য রাজি করানো যায় না। অন্যদিকে সালাহউদ্দিন লাভলুর এই মধ্য বয়সে একজন পাত্রী জুটলেই খুলে যাবে সব সমস্যার জট। মৌসুমী হামিদ কি পারবেন মামলা ঠুকে হলেও বোনের বিয়ে দিতে? নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ, সালাহউদ্দিন লাভলু, মৌসুমী হামিদ, শ্যামল মাওলা, উর্মিলা কর, রমিজ রাজু ও আইনুন পুতুল। সুজাত শিমুলের রচনায় ও সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় ‘মানিক-রতন’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন।










