ঈদুল আজহা উপলক্ষে বৈশাখী টেলিভিশনের আয়োজনে থাকছে মোট ২০টি নাটক, সাতটি সিনেমা, জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান, ম্যাগাজিন অনুষ্ঠান এবং বিশেষ কমেডি শো ফানি মোমেন্ট, নাটকের গানসহ নানা আয়োজন। বৈশাখী টেলিভিশনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঈদ আয়োজনে বিষয়টি জানানো হয়। 

ঈদ আয়োজন নিয়ে বলতে গিয়ে বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, ‘‌বিনোদনপ্রিয় মানুষকে কিছুটা বিনোদন দেয়ার জন্যই আমাদের এ আয়োজন। বৈশাখী টেলিভিশনের মূল লক্ষ্যই হচ্ছে দর্শককে বিনোদন দেয়া। কতটুকু সফল হতে পারব সে বিচারের ভার বৈশাখী টেলিভিশনের দর্শকের, যাদের ভালোবাসা আর অনুপ্রেরণায় আমাদের এগিয়ে চলা।’

বিশেষ সংগীতানুষ্ঠানগুলোর মধ্যে ঈদের সাতদিন সকাল ৮টা ১৫ মিনিটে প্রচার হবে ‘বৈশাখীর সকালের গান’। লিটু সোলায়মানের প্রযোজনায় অংশ নেবেন তিমির নন্দী, অনিমা রায়, অলোক সেন, ইউসুফ আহমেদ খান, চম্পা বনিক, হৈমন্তী রক্ষিত ও শবনম প্রিয়াংকা।

ঈদের সাতদিন বেলা ১১টায় প্রচার হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘গানে গানে ঈদ আনন্দ’। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আইনুন পুতুল, তাসনুভা মোহনা, ইশরাত জাহান জুঁই ও তমা রসিদ। লিটু সোলায়মানের প্রযোজনায় এ অনুষ্ঠানে অংশ নেবেন কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী, কামরুজ্জামান রাব্বী ও দিপা, কর্ণিয়া ও তার দল, আশিক ও সাদিয়া লিজা, আরিফিন রুমী ও তার দল, আতিক হাসান ও প্রিয়াংকা বিশ্বাস এবং শারমিন, মিতু ও ডলি মণ্ডল।

ঈদ নাটক নিয়ে জানতে চাইলে বৈশাখী টেলিভিশনের পক্ষ থেকে জানানো হয়, এ ঈদে ২০টি নাটক প্রচারিত হবে। নাটকগুলোর মধ্যে আটটি একক এবং সাত পর্বের পাঁচটি ধারাবাহিক এবং আটটি মেগা নাটক। এসব নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, জাহিদ হাসান, অপূর্ব, রাশেদ সীমান্ত, তানজিকা আমিন, মৌসুমী হামিদ, কেয়া পায়েল, তানজিন তিশা, শহীদুজ্জামান সেলিম, তৌসিফ, ডা. এজাজ, শামীম জামান, মীর সাব্বির, জাকিয়া বারী মম, আ খ ম হাসান, আনিসুর রহমান মিলন, বাঁধন, প্রভা, তাসনিয়া ফারিণ, ফারিয়া শাহরিন, জোভান, ফারহান, নিলয়, হিমি, নাদিয়া নদীসহ সময়ের জনপ্রিয় তারকা।