প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে তার লেখা বই ‘শেখ মুজিব আমার পিতা’ অবলম্বনে নির্মিত দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেটেড চলচ্চিত্র ‘মুজিব আমার পিতা’র প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে আগামীকাল। চলচ্চিত্রটি সবার জন্য উন্মুক্ত করা হবে আগামী ১ অক্টোবর।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গতকাল বসুন্ধরা সিটি কমপ্লেক্সের স্টার সিনেপ্লেক্সে ‘মুজিব আমার পিতা’ অ্যানিমেশন চলচ্চিত্রের টেকনিক্যাল শো উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি আরো জানান, ২৮ সেপ্টেম্বর তথ্য ও সম্প্র্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধান অতিথি হিসেবে অ্যানিমেশন চলচ্চিত্রটি উদ্বোধন করবেন।

মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ নির্মাণ করেছে এ অ্যানিমেশন চলচ্চিত্র। সহযোগিতায় ছিল বিএমআইটি সলিউশন লিমিটেড এবং প্রোল্যান্সার স্টুডিও। ১৬ সেপ্টেম্বর চলচ্চিত্রটি সেন্সর ছাড়পত্র পেয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, নতুন প্রজন্মের শিশু-কিশোরদের কাছে বঙ্গবন্ধুর জীবনের গল্প পৌঁছে দেয়া আমাদের দায়িত্ব। তাদের জানানোর জন্য অ্যানিমেশন চলচ্চিত্রের চেয়ে ভালো আর কোনো মাধ্যম হতে পারে না। নির্মাতারা বঙ্গবন্ধুর ছেলেবেলা এ অ্যানিমেশন চলচ্চিত্রের মাধ্যমে সুনিপণভাবে তুলে ধরেছেন। বঙ্গবন্ধুর সম্পর্কে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে আর কেউ ভালো বলতে পারবেন না।

প্রতিমন্ত্রী আরো বলেন, আমরা অ্যানিমেশন শিল্পকে এগিয়ে নিতে চাই। কারণ বর্তমান বিশ্বে অ্যানিমেশন শিল্পের বাজার ৩০০ বিলিয়ন ইউএস ডলার। অ্যানিমেশন চলচ্চিত্রে ও অ্যানিমেশন শিল্পে দেশের তরুণদের উদ্বুদ্ধ করতে এ চলচ্চিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশ্বের অ্যানিমেশনের বাজারে প্রবেশ এবং অ্যানিমেশন শিল্পে আমাদের শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে আইসিটি বিভাগের উদ্যোগে দেশের ৪০টি বিশ্ববিদ্যালয়ে অ্যানিমেশন ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। অ্যানিমেশনের বাজারে আমাদের অবস্থান সুদূঢ় করতে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে অ্যানিমেশন ল্যাব প্রতিষ্ঠা করা হবে। 

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিআরআইয়ের কো-অর্ডিনেটর তন্ময় আহমেদ, ‘মুজিব আমার পিতা’ চলচ্চিত্রের নির্মাতা সোহেল মোহাম্মদ রানাসহ অ্যানিমেশনের সংশ্লিষ্ট ব্যক্তিরা। পরে প্রতিমন্ত্রী অ্যানিমেশন চলচ্চিত্র সম্পর্কে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।