ভারতের অন্যতম জনপ্রিয় নায়িকা এখন রাশমিকা মানদানা। এ বছর মুক্তি পায় সুকুমার পরিচালিত ‘পুষ্পা: দ্য রুল’। এ সিনেমা দিয়ে আল্লু অর্জুন ও রাশমিকা মানদানা একসঙ্গে ইতিহাস তৈরি করেছিলেন। রাশমিকা-দেবরকোন্ডার পর এ সিনেমা রাশমিকা-আল্লুকে ভারতীয়দের প্রিয় জুটিতে পরিণত করে। এবার এ জনপ্রিয় জুটি আবারো একত্রিত হতে চলেছেন অ্যাটলির পরবর্তী সিনেমায়। সিনেমাটিতে আল্লু অর্জুন থাকবেন তা আগেই বলা হয়েছিল। রাশমিকার নাম সম্প্রতি শোনা যাচ্ছে। আরো বিস্ময়ের বিষয় রাশমিকাকে এ সিনেমায় খল চরিত্রে (ভিলেন হিসেবে) কাস্ট করা হয়েছে।
বলিউড হাঙ্গামাকে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ‘রাশমিকার সামনে দুটি বড় প্যান-ইন্ডিয়ান সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয়ের প্রস্তাব ছিল। দুটি চরিত্র শোনার পর, তিনি অনেক চিন্তা করে অ্যাটলির সিনেমা (নাম ঠিক না হওয়া সিনেমাটিকে ‘এ৬’ বলা হচ্ছে) বেছে নেন। কারণ এ চরিত্র একেবারে নতুন করে নিজেকে নিরীক্ষার সুযোগ দিচ্ছে।’
রাশমিকা এরই মধ্যে সিনেমাটির জন্য লুক টেস্ট সম্পন্ন করেছেন। অক্টোবর থেকে শুটিং শুরুর পরিকল্পনায় আছেন নির্মাতারা। বলিউড হাঙ্গামার সূত্র অনুযায়ী, ‘রাশমিকা পরিচালক অ্যাটলি ও আল্লু অর্জুনের সঙ্গে লস অ্যাঞ্জেলেসে গিয়েছিলেন। সেখানে তার চরিত্রের প্রি-ভিজুয়ালাইজেশন দেখে তিনি মুগ্ধ হন এবং বর্তমান সময়ের অন্যতম সেরা পরিচালকের সঙ্গে কাজ করতে পেরে ভীষণ রোমাঞ্চিত। পুষ্পা ফ্র্যাঞ্চাইজির আগের দুই সিনেমায় আল্লু অর্জুনের সঙ্গে তার ইতিবাচক রসায়নের পর এবার সম্পূর্ণ বিপরীত চরিত্রে দেখা যাবে রাশমিকাকে।’
শোনা যাচ্ছে, রাশমিকার চরিত্রটির মুখোমুখি লড়াই থাকবে সিনেমার প্রায় সব গুরুত্বপূর্ণ চরিত্রের সঙ্গে। এ সিনেমায় আরো থাকবেন দীপিকা পাডুকোন, মৃণাল ঠাকুর ও জাহ্নবী কাপুর।
অ্যাটলির এ সিনেমা ২০২৭ সালে বড় পর্দায় মুক্তি পাবে। এটিকে ভারতীয় সিনেমার সবচেয়ে বড় প্রকল্প বলা হচ্ছে। কেননা সিনেমাটিতে আন্তর্জাতিক অনেক শিল্পীও অভিনয় করছেন। বলা হচ্ছে, এর মাধ্যমে ভারতের নিজস্ব ‘অ্যাভাটার’ তৈরি হবে। তাই এ সিনেমা কেবল রাশমিকার ক্যারিয়ার নয়, ভারতীয় সিনেমার জন্যও এক মাইলফলক হতে চলেছে।
সূত্র: বলিউড হাঙ্গামা










