ভেনিস চলচ্চিত্র উৎসবের ৮০তম আসর শুরু হতে যাচ্ছে বুধবার। প্রতি বছরের মতো এবারো সাড়ম্বরে আয়োজিত হবে ভেনিস চলচ্চিত্র উৎসব। তবে এবার সমস্যা আছে কয়েকটি। এর মধ্যে প্রথমেই থাকছে চিত্রনাট্যকারদের ধর্মঘট। এ কারণে অনেক অভিনেতা ও নির্মাতা উপস্থিত থাকবেন না উৎসবে। তবে কয়েকটি সিনেমা উৎসবে আসার কথা থাকলেও আসছে না। যে সিনেমাগুলো আসছে তা নিয়েই আগ্রহী দর্শক। এর মধ্যে বেশকিছু সিনেমা কয়েকদিন ধরেই আলোচনায় আছে। ভেনিস চলচ্চিত্র উৎসবে নজর থাকবে—

হোর্ড: ফিচার ফিল্মে ব্রিটিশ নির্মাতা লুনা কারমুনের অভিষেক হতে যাচ্ছে এ বছর। ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে তার সিনেমা ‘হোর্ড’। সিনেমায় অভিনয় করছেন সরা লাইটফুট ও হেইল স্কুইরস। মা-মেয়ের চরিত্রে দেখা যাবে তাদের। লুনার এ সিনেমা মূলত চরিত্রদের মধ্যকার টানাপড়েন নিয়ে। চরিত্রে মনের গভীরে ডুব দেন তিনি।

দ্য বিস্ট: বার্ট্রান্ড বেনেলো পরিচালিত এ সিনেমা ভবিষ্যতের গল্প বলে। কৃত্রিম বুদ্ধিমত্তা যখন আমাদের ওপর আধিপত্য তৈরি করার চেষ্টা করছে সে সময় বোনেলো বলছেন এমন একটি সময়ের কথা যখন ডিএনএর ওপরও কাজ করতে পারবে মানুষ। সিনেমাটিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন লিয়া সিডাক্স ও জর্জ ম্যাকি। সেপ্টেম্বরে সিনেমাটি মুক্তি দেয়ার চিন্তা আছে বোনেলোর।

মায়েস্ত্রো: নির্মাতার চেয়ারে বসে ব্র্যাডলি কুপার নিয়ে আসছেন সংগীতকার লিওনার্ড বার্নস্টেইনের গল্প। তিনি নিজেই অভিনয় করছেন লিওনার্ডের চরিত্রে। গত শতকের চল্লিশের দশকের গল্প নিয়ে এ সিনেমা। সিনেমায় তার লুক নিয়ে এরই মধ্যে বেশকিছু সমালোচনা হয়েছে। সে কারণে এবং এর বাইরেও সিনেমাটি নিয়ে দর্শকের বেশ আগ্রহ আছে। ফলে ভেনিস উৎসবে মায়েস্ত্রোর দিকে নজর থাকবে সবার।

প্রিসিলা: গত বছর বাজ লুরম্যান নির্মাণ করেছিলেন এলভিস প্রিসলির বায়োপিক ‘‌এলভিস’। সিনেমাটি প্রশংসা পেয়েছে। এবার এলভিসের স্ত্রী প্রিসিলাকে নিয়ে সিনেমা নির্মাণ করছেন সোফিয়া কপোলা। ফ্রান্সিস কপোলার কন্যা সোফিয়ার এ সিনেমায় এলভিসের চরিত্রে থাকছেন জ্যাকব এরল্ডি। প্রিসিলার চরিত্রে অভিনয় করছেন কেইলি স্প্যানি। সিনেমাটি থিয়েটারে মুক্তি পাবে অক্টোবরে।

দ্য কিলার: এ নামে আগেও বহু সিনেমা নির্মিত হয়েছে। এবারের সিনেমাটি নির্মাণ করেছে ডেভিড ফিঞ্চার। অভিনয় করেছেন মাইকেল ফাসবেন্ডার ও টিল্ডা সুইটন। ফরাসি কমিক বুকনির্ভর এ সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ দেখা যাচ্ছে।

অরিজিন: নির্মাতা আভা দ্যুভেনি ভিন্ন ধারার বিষয় বেছে নিয়ে সিনেমা নির্মাণ করেন। এবারো ব্যতিক্রম হয়নি। তার এ বছরের সিনেমা অরিজিন তিনি নির্মাণ করেছেন ইসাবেল উইলকারসনের উপন্যাস ‘‌কাস্ট: দি অরিজিনস অব আওয়ান ডিসকনটেন্টস’ থেকে। আইএমডিবি বলছে আমেরিকা কীভাবে তৈরি হলো সেই সিস্টেমের না বলা গল্প বলবে সিনেমাটি।

গ্রিন বর্ডার: পোলিশ নির্মাতা আগনেস্কা হল্যান্ডের সিনেমা। শরণার্থী সমস্যা নিয়ে এ সিনেমা নির্মাণ করেছেন তিনি। একটি সিরীয় শরণার্থী পরিবারকে ঘিরে আবর্তিত সিনেমার গল্প। বেলারুশের সীমান্তে আফগানিস্তানের এক শিক্ষকের সঙ্গে দেখা হয় তাদের। এ নিয়েই এগিয়ে যাবে গল্প।

ফেরারি: মাইকেল মানের সিনেমা। ইতালীয় মোটর রেসিং কিংবদন্তি এনজো ফেরারিকে নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন তিনি। এনজোর চরিত্রে অভিনয় করছেন অ্যাডাম ড্রাইভার। বহুদিন নিজেকে মেলে ধরতে পারছেন না তিনি। আশা করা হচ্ছে মোটরগাড়ির ড্রাইভিং সিটে বসে নিজেকে আবার মেলে ধরবেন ড্রাইভার। সিনেমায় তার নায়িকা হিসেবে লরা ফেরারি চরিত্রে অভিনয় করছেন পেনেলোপি ক্রুজ।

দ্য গার্ডিয়ান অবলম্বনে মাহমুদুর রহমান