বলিউডে রোমান্সের উপস্থাপন নিয়ে নওয়াজউদ্দিন সিদ্দিকীর আপত্তি আছে। তার মতে, সিনেমায় রোমান্সের নামে যা দেখানো হয় তা সম্পূর্ণ বাস্তবতা বিবর্জিত। এর সঙ্গে সাধারণ মানুষের যাপিত জীবনের কোনো সম্পর্ক নেই। ভারতের প্রকৃত রোমান্সের কোনো চিহ্ন  বলিউডে নেই বলে এ অভিনেতা দাবি করেন। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে নওয়াজউদ্দিন জানান, বলিউডের সিনেমায় দেখানো রোমান্স তার কখনই ভালো লাগেনি। তিনি বলেন, ‘আমি কখনই বলিউড সিনেমার রোমান্সের ভক্ত ছিলাম না। সেগুলো মোটেও আমাকে অনুপ্রাণিত করেনি।’ সিনেমায় দেখানো রোমান্স তার বোধগম্য নয় বলে জানান নওয়াজউদ্দিন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এক লোক রাস্তায় গিটার বাজাচ্ছে। আরো ১০ জন এসে তার সঙ্গে যোগ দিল। তারা কোথা থেকে এল? আর কোথায় চলে গেল? এ বিষয়গুলো আমি বুঝতে পারি না।’

চারপাশের মানুষের রোমান্সের কোনো উপস্থাপন বড় পর্দায় দেখেননি নওয়াজ। তিনি বলেন, ‘যে মহল্লায় আমি বেড়ে উঠেছি, সেখানকার লোকাল ট্রেন, গ্রামের রাস্তায় দেখা রোমান্স আমাকে প্রেরণা দিয়েছে। যেখানে একটি ছেলে সারা দিন হাড়ভাঙা পরিশ্রম করে। তারপর ঘামে ভিজে যাওয়া শার্ট পরেই সে রোমান্স করে। আমি সেই রোমান্স দ্বারাই অনুপ্রাণিত হয়েছি। সিনেমায় দেখানো রোমান্স দিয়ে নয়।’

যাপিত জীবনে যে রোমান্স নওয়াজউদ্দিন দেখেছেন, সিনেমায় তার দেখা তিনি পাননি। বিষয়টি তাকে হতভম্ব করেছে। তিনি বলেন, ‘আমাদের সিনেমাগুলোয় আমরা কখনই সে রোমান্স দেখাইনি। ইন্ডাস্ট্রি যে রোমান্সের কথা বলে, তার কোনো অস্তিত্বই নেই।’

রোমান্স নওয়াজউদ্দিনকে অনুপ্রাণিত করেনি। তবে কয়েকটি সিনেমা ও চরিত্র তাকে অভিনেতা হতে প্রেরণা দিয়েছে। এগুলোর মধ্যে শোলের গব্বর সিং, পরিন্দার আনা শেঠ ও সত্য সিনেমার ভিখু মাত্রে চরিত্রগুলো উল্লেখযোগ্য।

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস