দেশের সংগীত জগতের পরিচিত মুখ বেলাল খান ও সোমনূর মনির কোনাল। দুজনেই পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দুজন প্রথম একসঙ্গে প্লেব্যাক করেন ‘অচেনা হৃদয়’ সিনেমার জন্য। এর পরও তারা আরো বেশ কয়েকটি সিনেমায় একসঙ্গে প্লেব্যাক করেছেন। তাদের একাধিক গান পেয়েছে জনপ্রিয়তা। তারা ফের একসঙ্গে প্লেব্যাক করেছেন। সিনেমার নাম ‘মধ্যবিত্ত’। এরই মধ্যে সিনেমার কাজ শেষ হয়েছে। গানের কাজ বাকি।

বাকিউল আলমের লেখা ও মাহফুজ ইমরানের সুরে রিয়েল আশিকের সংগীতে বেলাল ও কোনাল ‘টান-তোমার জন্য এই পরানে লাগে বড় টান’ গানটিতে কণ্ঠ দিয়েছেন। বেলাল খান বলেন, ‘কোনাল তো ভালো গায়। টান গানটি যেন আরো অনেক বেশি দরদ দিয়ে, অনেক বেশি ভালো লাগা নিয়ে গেয়েছে। আমিও অনেক আবেগ দিয়ে মনের মতো করে গাওয়ার চেষ্টা করেছি। গীতিকার সুরকার গানটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত। তারা অনেক আশাবাদী হয়ে উঠেছেন গানটি নিয়ে। আমার কাছেও মনে হচ্ছে যে অনেক দিন পর একটি অন্যরকম ভালো লাগার গান গাইলাম। দেখা যাক সিনেমা মুক্তির পর গানটি দর্শকের মধ্যে কতটা সাড়া ফেলতে পারে।’

এদিকে বেলাল খান জানান আগামী শোক দিবসের পর তিনি নতুন কয়েকটি একক গান প্রকাশ করতে যাচ্ছেন। অন্যদিকে, গান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন কোনাল। গত রোজার ঈদে ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমার ‘সুরমা সুরমা দিনে’ গানটি দারুণ জনপ্রিয়তা পায়। পরবর্তী সময়ে ‘প্রহেলিকা’ সিনেমার ‘মেঘের নৌকা তুমি’ যেন আরো বেশি জনপ্রিয়তা পায়। শাকিব খান ও ইধিকা পাল অভিনীত সাম্প্রতিক সময়ের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা ‘প্রিয়তমা’ সিনেমার ‘ও প্রিয়তমা’ গান দিয়ে যেন কোনাল সাড়া ফেললেন। এ গানে তার সহশিল্পী বালাম।