দক্ষিণের সিনেমা দিয়েই পরিচিতি পেয়েছেন পূজা হেগড়ে। প্রভাসের সঙ্গে বিগ বাজেট সিনেমা রাধে শ্যামে অভিনয় করেছেন গত বছর। এর আগে আল্লু অর্জুন, থালাপতি বিজয়সহ দক্ষিণের সুপারস্টারদের বিপরীতে দেখা গেছে তাকে। বলিউডেও অপরিচিত নন পূজা। রণবীর সিংয়ের সঙ্গে গত বছর অভিনয় করেছেন সার্কাসে। ২০১৬ সালে আশুতোষ গোয়ারিকরের ‘ মোহেন জো দারো’-তে তাকে হৃতিক রোশনের বিপরীতে দেখা গিয়েছিল। এবার ঈদে মুক্তি পাচ্ছে ‘কিসি কা ভাই কিসি কি জান’। সালমান খানের বিপরীতে অভিনয় করছেন তিনি। কিন্তু এ পর্যন্ত আসতে বহু কাঠখড় পোড়াতে হয়েছে পূজাকে। ফুল বিছানো পথে হাঁটা হয়নি তার।
তামিল ও তেলেগু সিনেমায় অভিনয় করার সময়টা সবচেয়ে বেশি জটিলতায় কেটেছে পূজার। সময়টাকে ‘কঠিন’ বলে উল্লেখ করেছেন তিনি। ভাষা ও অভিনয়-সংক্রান্ত নানা বিষয় নিয়ে সমস্যা হতো তার। কিন্তু তিনি বলেন, এ সময়টাই তাকে অভিনেত্রী হিসেবে গড়েছে। বেশকিছু সিনেমা ব্যর্থ হওয়া ও সেখান থেকে নিজেকে প্রতিষ্ঠা করা নিয়ে পূজা বলেন, ‘সময়টা কঠিন ছিল, কেননা সঠিক সময়ে সঠিক সিনেমা সবসময় হাতে আসেনি। ভালো সিনেমা পেতে সময় লাগত। আমি সে রকম অভিনেত্রী নই, যার একটা সিনেমা ভালো করার পর একের পর এক সিনেমা হিট করে গেছে। ক্যারিয়ারে উত্থান-পতন ছিল। এমনকি এক বছর কোনো সিনেমার প্রস্তাব আসেনি আমার কাছে।’
পূজার ক্যারিয়ার প্রায় এক যুগের। এ সময় তিনি বিচিত্র অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। পূজা বলেন, ‘আমি সব ধরনের সময় ও পরিস্থিতি দেখেছি। সফলতা যেমন ছিল, ব্যর্থতাও ছিল। আর ব্যর্থতার সময়টাই আমাকে আজকের অভিনেত্রী হিসেবে গড়ে তুলেছে। ব্যর্থতা থেকে ভুল শোধরাতে শিখেছি। সিনেমা যখন ভালো করিনি, সে সময় নিজেকে তৈরি করেছি।’
দি ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে সাক্ষাৎকারে সিনেমা শুরু করার সময়কার মজার অভিজ্ঞতাও উল্লেখ করেছেন তিনি। পূজা বলেন, ‘আমি ম্যাঙ্গালোরের বাসিন্দা। আমাদের টুলু ও তেলেগুর উচ্চারণ বেশ ভিন্ন। প্রথম সিনেমায় তেলেগু সংলাপ দেখে আমি অবাক হয়েছিলাম। কোথায় থামতে হবে, কোথায় জোর দিতে হবে, সহযোগী পরিচালকের সঙ্গে আলাদা করে কথা বলে সেগুলো বুঝতে হয়েছে। এখন আমার মনে হয় স্প্যানিশে ১০ লাইন লিখে দিলে সময় নিয়ে সেটাও আমি করতে পারব।’ শুরুর দিকে কষ্ট করলে, তা পরে সাহায্য করে বলেই মনে করেন পূজা।
ঈদে সিনেমা মুক্তি পাচ্ছে, তাও সালমান খানের সঙ্গে। বেশ বড় বিষয়। এ নিয়ে প্রশ্ন করা হলে পূজা বলেন, ‘আমার পরিবার সিনেমার সঙ্গে যুক্ত নয়। সে কারণে আমি প্রতিটি সিনেমা নিয়েই আগ্রহী হয়ে অপেক্ষা করি। অভিনীত প্রতিটি সিনেমাই আমার জন্য বিশেষ।’
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










