তরুণ নির্মাতা কেএম কনকের প্রথম স্বল্পদৈর্ঘ্য ‘লটারি’-এর ট্রেলার প্রকাশ পেয়েছে। ৫ নভেম্বর চিলেকোঠা ফিল্মসের ব্যানারে তাদের ইউটিউব চ্যানেলে ট্রেলারটি প্রকাশ করা হয়। খবরটি টকিজকে নিশ্চিত করেছেন নির্মাতা।

অক্টোবরে কলকাতা ইন্টারন্যাশনাল কাল্ট চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয় ‘লটারি’। উৎসবের আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট বিভাগে চলচ্চিত্রটি পুরস্কার পেয়েছে। শুধু তা-ই নয়, চলচ্চিত্রটি এর আগে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংগঠন লিফট-অব গ্লোবাল নেটওয়ার্ক ফেস্টিভ্যালের ফার্স্ট টাইম ফিল্মমেকার সেশনস, লিফট অব সেশন্স ও ফিল্মেরা মিউজিক অ্যান্ড অনলাইন ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শনের জন্য মনোনয়ন পেয়েছে।

স্টেশনে দুই বন্ধুর বেড়ে ওঠা এবং একটি লটারি পাওয়ার পর তাদের মধ্যকার নানা টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত ‘লটারি’ চিলেকোঠা ফিল্মসের ব্যানারে কনকের প্রথম প্রডাকশন। এ বছর ২৩-২৪ ফেব্রুয়ারি স্বল্পদৈর্ঘ্যটির শুটিং শুরু করেছিলেন কনক। ট্রেলার প্রকাশের পর ভালো সাড়া পাচ্ছেন বলে জানালেন তরুণ এ নির্মাতা।