একের পর এক হিট সিনেমা উপহার দেয়ার মাধ্যমে বলিউডে এরই মধ্যে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন কার্তিক আরিয়ান। সম্প্রতি শহীদ কাপুরের প্রণেতা বিল্ডিংয়ের ফ্ল্যাটটি লিজ নিয়েছেন তিনি। 

শহীদের বাড়িটি জুহুর তারা রোডে অবস্থিত। এর মালিকানা শহীদের মা মালা তিওয়ারির নামে। তিন বছরের জন্য ফ্ল্যাটটি ভাড়া নিয়েছেন কার্তিক। ১২ তারিখ চুক্তি ও নিবন্ধনের কাজ সম্পন্ন হয়েছে। চুক্তি অনুসারে, প্রতি বছর ৭ শতাংশ করে বাড়বে ভাড়ার পরিমাণ। প্রথম বছর প্রতি মাসে ৭ দশমিক ৫ লাখ রুপি ভাড়া গুনতে হবে। দ্বিতীয় বছর এ ভাড়ার পরিমাণ বেড়ে হবে প্রতি মাসে ৮ দশমিক শূন্য ২ এবং তৃতীয় বছরে তা হবে ৮ দশমিক ৫৮ লাখ রুপি। সিকিউরিটি ডিপোজিট বাবদ শহীদকে ৪৫ লাখ রুপি দিয়েছেন কার্তিক। গ্রাউন্ড ফ্লোর ও বেজমেন্টজুড়ে অবস্থিত ফ্ল্যাটটির মোট আয়তন ৩ হাজার ৬৮১ বর্গফুট। বিল্ডিং কমপাউন্ডে দুটি পার্কিংয়ের স্থানও আছে। 

প্রণেতা বিল্ডিংয়ের এ অ্যাপার্টমেন্টে দুই সন্তানকে নিয়ে বাস করতেন শহীদ-মীরা দম্পতি। ২০১৮ সালের জুলাইয়ে পশ্চিম ওয়ারলির হাইরাইজ বিল্ডিং ‘থ্রি সিক্সটি ওয়েস্ট’-এর একটি ডুপ্লেক্স কেনেন শহীদ। ব্যয় করতে হয়েছিল ৫৫ দশমিক ৬০ কোটি রুপি। এর আয়তন ৮ হাজার ৬২৫ বর্গফুট। বর্তমানে সেখানেই থাকছেন এ দম্পতি। পুরনো ফ্ল্যাটটি এতদিন ফাঁকাই পড়েছিল। এবার সে শূন্যতা পূরণ করবেন বলিউড শাহজাদা কার্তিক আরিয়ান ও তার পরিবার। 


সূত্র: হিন্দুস্তান টাইমস