দেনি ভিলেনোভ একটা অসম্ভবকে সম্ভব করেছেন। ফ্র্যাঙ্ক হারবার্টের যে বই থেকে সিনেমা নির্মাণ অসম্ভব মনে হতো তিনি সেটিকেই সিনেমায় রূপান্তর করেছেন। ডুন। বইয়ের নামেই সিনেমার নাম। প্রথম পর্ব আসতেই বক্স অফিসের হিসাবনিকাশ বদলে গিয়েছিল। সিনেমার ভিজুয়ালও নতুন করে চিনিয়েছিলেন ভিলেনোভ। এরপর দ্বিতীয় পর্বও দর্শকসাড়া ও সমালোচক প্রশংসা পেয়েছে। এবার তিনি কাজ করছেন তৃতীয় পর্ব ‘ডুন: মেসিয়াহ’ নিয়ে। সিনেমাটিতে তিনি কাস্ট করতে চাচ্ছেন রবার্ট প্যাটিনসনকে।
ডুনের তৃতীয় পর্বের শুটিং শুরু হবে এ গ্রীষ্মে। ভিলেনোভ এখন কাজ করছেন চিত্রনাট্য নিয়ে। ভ্যারাইটি জানাচ্ছে, কিছুদিনের মধ্যে চিত্রনাট্যের কাজ শেষ হয়ে যাবে। একই সঙ্গে তারা জানাচ্ছে, সিনেমার জন্য রবার্ট প্যাটিনসনকে চাইছেন ভিলেনোভ। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তাছাড়া অভিনেতাকে কোন চরিত্রে কাস্ট করতে চান সে বিষয়েও কোনো তথ্য উপস্থাপন করেনি ভ্যারাইটি।
এদিকে প্যাটিনসন এ মুহূর্তে একাধিক সিনেমা নিয়ে ব্যস্ত। তিনি সম্প্রতি জেন্ডেয়ার বিপরীতে ‘দ্য ড্রামা’য় অভিনয় করেছেন। এখন চলছে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’র শুটিং। এরপর তিনি ওয়ার্নার ব্রোসের ‘দ্য ব্যাটম্যান’-এর সিকুয়াল নিয়ে ব্যস্ত হবেন। এর মধ্যে দেনি ভিলেনোভের সিনেমায় তিনি যুক্ত হতে পারবেন কিনা তা-ও একটি বড় প্রশ্ন।
তবে ডুনের মতো সিনেমায় যুক্ত হতে পারাও বিশেষ ব্যাপার। কেননা দুই পর্ব মিলিয়ে বিশ্বের বক্স অফিস থেকে সিনেমাটি আয় করেছে ১১২ কোটি ডলারেরও বেশি। সেই সঙ্গে অস্কার ঘরে এসেছে ১৫টি। তার মধ্যে একটি আবার সেরা সিনেমার স্বীকৃতি।
ভিলেনোভের এ সিনেমার আরেকটি বৈশিষ্ট্য হলো এতে তিনি যুক্ত করেছেন বহু বড় তারকাকে। তালিকায় আছেন হাভিয়ের বারদেম, রেবেকা ফার্গুসন, জশ ব্রোলিন, অস্টিন বাটলার, অস্কার আইজ্যাক, দেভ বাতিস্তা। ফ্লোরেন্স পিউ ও আন্যা টেইলর জয়ও ফিরছেন তৃতীয় পর্বে। এর আগে জেসন মমোয়াও জানিয়েছিলেন তিনি ডানকান ইধাও চরিত্রটিতে আবার ফিরবেন।
সূত্র ও ছবি: ভ্যারাইটি










