ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল তানিম নূর পরিচালিত ‘উৎসব’। সাত সপ্তাহ ধরে চলছে দেশের মালটিপ্লেক্সগুলোয়। দর্শকদের কাছে এখন পরিচিত নাম ‘উৎসব’। সিনেমাটির কথা পৌঁছে গেছে দেশের আনাচে-কানাচে, প্রবাসী বাংলা ভাষাভাষীদের কাছে। দর্শকরা তাই সিনেমাটি দেখার আগ্রহের কথা জানিয়ে আসছিলেন সামাজিক মাধ্যমে। সেই অপেক্ষার অবসান হচ্ছে। দেশের জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে ‘উৎসব’। একই দিনে তাণ্ডবও মুক্তি পাচ্ছে চরকিতে তা আগেই জানানো হয়েছিল।

চরকি তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছে, ৬ আগস্ট রাত ১২টা ১ মিনিট (৭ আগস্ট) থেকে সিনেমাটি চরকিতে দেখতে পারবেন দেশ-বিদেশের দর্শকরা। এখানেই শেষ নয়, আছে আরো চমক। ৬ আগস্ট রাত ১২টা ১ মিনিটে (৭ আগস্ট) চরকিতে মুক্তি পাচ্ছে সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘তান্ডব’।

সিনেমাটি চরকিতে মুক্তি প্রসঙ্গে তানিম নূর বলেন, ‘ওটিটি রিলিজ এখন সিনেমার নতুন একটা ডিস্ট্রিবিউশন চ্যানেল। এ মাধ্যমে সারা পৃথিবীর মানুষ সিনেমা দেখেন। বাংলা ভাষাভাষীদের কাছে চরকি কনটেন্ট দেখার বিশ্বস্ত প্লাটফর্ম। এখানে ‘‘উৎসব” মুক্তি পাওয়াটা আনন্দের। দেশে যেসব অঞ্চলে সিনেমা হল নেই এবং বিদেশের দর্শকরা সিনেমাটি দেখার সুযোগ পাবেন। আমি প্রত্যাশা করি ছোটবেলায় যেভাবে পরিবারের সঙ্গে ঘরে বসে নাটক-সিনেমা দেখতাম, সেভাবেই নিজ নিজ ঘরে বসে দর্শকরা ‘‘উৎসব” সিনেমাটি দেখবেন চরকিতে।’

TAANDOB DATE ANNOUNCEMENT (2)

তাণ্ডব সিনেমায় শাকিব খান। ছবি: চরকি

অন্যদিকে ২৭ জুলাই চরকিতে মুক্তির ঘোষণা আসে ‘তান্ডব’ সিনেমার। ঘোষণার পর থেকেই দর্শকরা অপেক্ষা করছেন সিনেমাটি দেখার। মন্তব্যের ঘরে দর্শকরা জানিয়েছেন তাদের উন্মাদনার কথা। অনেকে জানিয়েছেন, তারা সিনেমাটি এখনো দেখেননি, অপেক্ষায় আছেন। অনেকে আবার বলছেন, প্রেক্ষাগৃহে দেখেছেন কিন্তু সিনেমাটি চরকিতে আবার দেখবেন। সবাই শাকিব খান এবং ‘তান্ডব’ সিনেমার প্রশংসা করেছেন।

’তান্ডব’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন, তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, সালাহউদ্দিন লাভলু, গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, অশোক ব্যাপারী, ড. এজাজ, রোজি সিদ্দিকী, সুমন আনোয়ার, এ কে আজাদ সেতু, এফএস নাঈম, শিবা শানুসহ অনেকে।