নিয়মিত নতুন ওয়েব কনটেন্ট নিয়ে আসছে দেশের ওটিটি প্লাটফর্মগুলো। এ তালিকায় আছে বিঞ্জ, আসতে যাচ্ছে ছয় পর্বের ওয়েব সিরিজ অগোচরা। মোহাম্মদ নাজিম উদ্দিনের গল্প অবলম্বনে সিরিজটি নির্মাণ করেছেন নির্মাতা সিদ্দিক আহমেদ। ওটিটি প্লাটফর্ম বিঞ্জের পক্ষ থেকে জানানো হয়েছে, ১০ আগস্ট মুক্তি পাবে সিরিজটি।
এ নিয়ে সিদ্দিক আহমেদ বলেন, ‘পুরান ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প এটি। একজন সাধারণ ছেলে পলিটিকসের শিকার হয়ে কীভাবে আন্ডারওয়ার্ল্ডে জড়িয়ে পড়ে, তা নিয়েই এ সিরিজ।’
ক্রাইম থ্রিলার ধাঁচের এ সিরিজে অভিনয় করতে দেখা যাবে জাকিয়া বারী মম । ওয়েব সিরিজটিতে আরো অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, ফজলুর রহমান বাবু, শরাফ আহমেদ জীবন, মোরশেদ মিশুসহ অনেকে। এরই মধ্যে বুধবার দুপুরে বিঞ্জের ফেসবুক পেজে অগোচরার ট্রেলার প্রকাশ হয়। এতে রহস্য নিয়ে হাজির হয়েছে সিরিজের চরিত্রগুলো। গত মাসে প্রকাশ পায় সিরিজটির ফার্স্ট লুক পোস্টার।
অগোচরা ওয়েব সিরিজে মমর চরিত্রের নাম মনিকা। সিরিজটিতে তার চরিত্র নিয়ে জানতে চাইলে জাকিয়া বারী মম জানান, এ নিয়ে এখনই কিছু বলতে চান না তিনি। সিরিজটি মুক্তির পর দর্শক জানতে পারবেন।
এক মন্ত্রীর কলকাঠিতে এশিয়ান গেমস থেকে ছিটকে পড়ে ইতি টানা শুটারের জীবন মোড় নেয় এক অন্ধ কানাগলির দিকে। মারো নয়তো মরো—আড়ালে থাকার লড়াইয়ে এ বাস্তবতাই তাড়া করে বেড়াতে থাকে। খুব দ্রুতই পাল্টাতে থাকে ঘটনার দৃশ্যপট। এমন গল্প নিয়েই এগিয়ে যাবে সিরিজটি, সঙ্গে পাওয়া যাবে কিছু উত্তর।
এর আগে মোহাম্মদ নাজিম উদ্দিনের গল্প অবলম্বনে নির্মাণ হয়েছিল ওয়েব সিরিজ রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি। হইচই ওটিটি প্লাটফর্মের জন্য সিরিজটি নির্মাণ করেছিলেন সৃজিত মুখার্জি। এতে মুশকান জুবেরী হিসেবে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। সিরিজটি ২০২১ সালে মুক্তি পায়। সে সময় দুই বাংলায় প্রশংসা কুড়িয়েছিল। এবার দেখার পালা অগোচরা সিরিজটি কেমন সাড়া ফেলে।










