কোরবানির ঈদে দর্শকের অন্যতম অপেক্ষা ‘পুনর্জন্ম’র অন্তিম পর্বের। আফরান নিশোর সঙ্গে সেখানে দেখা যাবে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে। বাংলাদেশের টিভি নাটকের অন্যতম জনপ্রিয় মুখ তিনি। বহু নাটক ও টেলিফিল্মে অভিনয় করে দর্শককে মুগ্ধ করেছেন তিনি। তবে পুনর্জন্ম তাকে দিয়েছে এক নতুন পরিচয়। ভিকি জাহেদের রচনা ও পরিচালনায় পুনর্জন্মের তিনটি পর্বে দুর্দান্ত এক মেহজাবীনকে দেখেছেন দর্শক। তার অভিনয়ও উপভোগ করেছেন। তবে ভিকি যেভাবে পুনর্জন্মকে ক্লিফ হ্যাঙ্গারে রেখেছেন, তাতে দর্শক পুনর্জন্মের অন্তিম পর্ব প্রচারের অপেক্ষায় আছেন অধীর আগ্রহ নিয়ে। কারণ শেষ পর্বে কী হয়, তা দর্শকের মনে অনেক কৌতূহলের সৃষ্টি করেছে। দর্শকের মতো সাগ্রহে অপেক্ষা করছেন মেহজাবীনও।
অন্তিম পর্বের চমক সম্পর্কে মেহজাবীন চৌধুরী বলেন, ‘পুনর্জন্মের অন্তিম পর্বে চমক তো আছেই। সব বলা যাবে না। এতটুকু বলতে পারি, দর্শক হতাশ হবেন না। দর্শকের দীর্ঘদিন প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে অন্তিম পর্ব প্রচারের মধ্য দিয়ে। গল্পটা এ পর্বে শেষ হবে। দর্শক প্রতীক্ষায় আছেন কীভাবে গল্পটা শেষ হবে। এক, দুই ও তিন পর্বকে ঘিরে যেমন দর্শকের আগ্রহ ছিল, অন্তিম পর্বকে ঘিরেও দর্শকের প্রবল আগ্রহ, অন্তিম পর্বে কী হবে।’
পুনর্জন্ম প্রথম পর্ব নির্মাণের সময়ও নির্মাতা ভিকি জাহেদ ভাবেননি যে তাকে এটা নিয়ে এত দীর্ঘ একটা পথ পাড়ি দিতে হবে। কিন্তু দীর্ঘ একটা পথ পাড়ি দেয়ার শেষ মুহূর্তে এসে তার নিজেরও খারাপ লেগেছে অন্তিম পর্ব নির্মাণ করতে। তবে তিনি খুশি যে দর্শককে মুগ্ধ করতে পেরেছেন। এর শেষ পর্ব নিয়ে উত্তেজনা কাজ করছে পুনর্জন্ম টিমের মধ্যে। এ নিয়ে মেহজাবীন বলেন, ‘এখন শুধু অপেক্ষায় আছি, দর্শক পুনর্জন্মের শেষটা কীভাবে গ্রহণ করে। আশা করি, তাদের এটা ভালো লাগবে।’
অন্তিম পর্বে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘পুনর্জন্মের মাধ্যমে আমি নিজেকে নতুন করে আবিস্কার করেছি। ধন্যবাদ পুনর্জন্মের নির্মাতাসহ সংশ্লিষ্ট সবাইকে। দর্শকের প্রতিও আন্তরিক ভালোবাসা, কৃতজ্ঞতা।’
ভিকি জাহেদের সঙ্গে মেহজাবীনের কনটেন্টগুলো দর্শক খুবই পছন্দ করেছেন। পুনর্জন্ম ছাড়াও ‘দ্য সাইলেন্স’ ওয়েব সিরিজে অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন মেহজাবীন চৌধুরী। তবে বেশকিছুটা দিন অভিনয়ে বিরতির কারণে অনেকেই মনে করছেন, হয়তো মেহজাবীন সিনেমায় কাজ করা নিয়ে ব্যস্ত রয়েছেন। বিষয়টিকে যে তিনি একেবারে এড়িয়ে গেছেন, এমনটি নয়। মেহজাবীন জানান, সিনেমা নিয়ে পারফেক্ট খবরই দিতে চান তিনি।
তবে তার আগে তিনি আগ্রহী পুনর্জন্মকে দর্শক কীভাবে গ্রহণ করেন, তা নিয়ে। ভিকি জাহেদ জানিয়েছেন, কোরবানির ঈদে চ্যানেল আইতে ‘পুনর্জন্ম’ অন্তিম পর্ব প্রচার হবে।










