বিয়ের দুই বছরের মাথায় বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন হলিউড তারকা জেনিফার লোপেজ এবং বেন অ্যাফ্লেক। গতকাল মঙ্গলবার (২০ আগস্ট) লস অ্যাঞ্জেলেস কাউন্টি সুপেরিয়র কোর্টে জেনিফার লোপেজ বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন বলে বিবিসি জানিয়েছে।
ট্যাবলয়েডগুলোর কাছে ‘বেনিফার’ নামে পরিচিত এই জুটি ২০২২ সালের জুলাইয়ে লাস ভেগাসে আনুষ্ঠানিকভাবে গাঁটছড়া বাঁধেন। পরের মাসে জর্জিয়ায় বড়সড় করে হয় বিয়ের অনুষ্ঠান।
২০০৩ সালে রোম্যান্টিক ক্রাইম কমেডি মুভি গিগলির সেটে কাজ করার সময় তাদের পরিচয় হয়। সেই বছরই বিয়ের পরিকল্পনা করেছিল ‘বেনিফার’। কিন্তু ২০০৪ সালের প্রথম দিকেই ভেঙে যায় সে সম্পর্ক। তবে প্রায় দুই দশক পর ফের পুনরুজ্জীবিত হয় তাদের সম্পর্ক।
লাস ভেগাসে বিয়ের ঘোষণার পর ২০২২ সালে লোপেজ বলেছিলেন, প্রেম সুন্দর। প্রেম উদার। আর প্রেম হয়তো ধৈর্য ধরতেও শেখায়। বিশ বছরের ধৈর্য।
আদালতে দায়ের করা মামলা অনুযায়ী, লোপেজ বা তার আইনজীবীকে এখন অ্যাফ্লেকের কাছে বিবাহ বিচ্ছেদের আবেদনের একটি অনুলিপি দিতে হবে।
লস অ্যাঞ্জেলেসের সুপেরিয়র কোর্টে এই মামলার জন্য দায়ের করা দলিল অনুযায়ী, ৫৫ বছর বয়সী লোপেজ এবং ৫২ বছর বয়সী অ্যাফ্লেককে তাদের বর্তমান আয়, ব্যয়, সম্পত্তি এবং ঋণসহ তাদের আর্থিক তথ্য দিতে হবে।
বেশ কিছুদিন ধরেই জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের সম্পর্ক নিয়ে শোনা যাচ্ছিল নানা গুঞ্জন। তারা তাদের বেভারলি হিলসের ম্যানশন ৬৫ মিলিয়ন ডলারে (৫০ মিলিয়ন পাউন্ড) বিক্রির জন্য ক্রেতা খুঁজছেন বলেও শোনা গেছে। বিয়ের আংটি ছাড়া আলাদাভাবে দেখা গেছে দুজনকেই। অবশেষে গুঞ্জনই সত্যি হলো।
দুবার অস্কার জয়ী অ্যাফ্লেক এর আগে অভিনেত্রী জেনিফার গার্নারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ২০০১ সালের রোম্যান্টিক মুভি পার্ল হারবারের সেটে তাদের প্রথম দেখা। প্রায় এক দশক স্থায়ী হয়েছিল সেই বিয়ে। তাদের তিনটি সন্তান আছে।
জেনিফার লোপেজ চারবার বিয়ে করেছেন। এর মাঝে, জনপ্রিয় পপগায়ক মার্ক অ্যান্থনির সঙ্গে তার ১০ বছরের সংসারে আছে যমজ সন্তান।










