ছোট পর্দার নিয়মিত মুখ সাদিয়া আয়মান। এ ঈদে একাধিক নাটকে অভিনয় করেছেন তিনি। বেশির ভাগ নাটকেই অভিনয়ের জন্য দর্শকের কাছে প্রশংসা পাচ্ছেন তিনি। ঈদে তার অভিনীত আজ আকাশে চাঁদ নেই, ডুব সাঁতার টু, বাবুই পাখির বাসা, নো ইউর পার্টনার, কষ্টের নাম মায়া, জল তরঙ্গ দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলে। ওয়েব মাধ্যমেও পা রেখেছেন তিনি। মূলত শিহাব শাহীন পরিচালিত ওয়েব ফিল্ম মায়াশালিক-এ অভিনয় করেই সাদিয়া আয়মান আলোচনায় আসেন। এটি ছিল সাদিয়া আয়মান অভিনীত প্রথম ওয়েব ফিল্ম। প্রথম ওয়েব ফিল্মে অপূর্বর বিপরীতে অভিনয় করে দর্শককে মুগ্ধ করেন তিনি। এ ঈদেও একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন তিনি। 

ওয়েব ফিল্মটির নাম স্বপ্নভূক। এটি রচনা ও নির্মাণ করছেন মাসুম শাহরিয়ার। ঈদের দিন আরটিভিতে ওয়েব ফিল্মটির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হয়েছে। এতে সাদিয়ার বিপরীতে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক। অভিনয়ের জন্য প্রশংসা পাচ্ছেন সাদিয়া।

ওয়েব ফিল্মটি নিয়ে সাদিয়া আয়মান বলেন, ‘আমার প্রথম ওয়েব ফিল্ম মায়াশালিকের জন্য এখনো অনেক সাড়া পাই। এজন্য শিহাব শাহীন ও অপূর্ব ভাইয়ার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আর নতুন ওয়েব ফিল্ম স্বপ্নভূকে আমার চরিত্রটি এককথায় অসাধারণ। টানা কয়েকদিন শুটিং করছিলাম এতে। একটি নির্দিষ্ট স্থানে যে এর শুটিং হয়েছে এমনটি নয়। গল্পের প্রয়োজনে ঢাকা, ঢাকার বাইরে নানা জায়গায় শুটিং করেছি আমরা। শুটিংয়ের পর বেশ কয়েক দিন ধরে এ চরিত্রের মধ্যেই ডুবে ছিলাম।’

নির্মাতাকে নিয়ে সাদিয়া বলেন, ‘মাসুম শাহরিয়ার ভাইয়ার প্রতি কৃতজ্ঞ আমার ওপর আস্থা রাখায়। আমার বিশ্বাস দর্শক ভালো কিছু দেখবেন।’

এ ঈদে ব্যস্ত সময় পার করেছেন সাদিয়া। একাধিক ঈদ নাটকে দেখা গেছে তাকে। নাটকগুলোয় ভিন্নধর্মী চরিত্র নিয়ে হাজির হয়েছেন তিনি। বড় পর্দাতেও নাম লেখিয়েছেন তিনি। কাজল রেখা সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেকের অপেক্ষায় এ অভিনেত্রী। গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম সিনেমাটি পরিচালনা করেছেন। মৈমনসিংহ গীতিকার কাজল রেখা অবলম্বনে নির্মিত হয়েছে এটি। এতে দর্শক দুই বয়সে দুজন কাজল রেখাকে দেখতে পারবেন। কিশোরী বয়সের চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া আয়মান। পরিণত বয়সে থাকবেন মন্দিরা চক্রবর্তী। কাজল রেখার নির্মাণকাজ শেষ হয়েছে। চলতি বছরে সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা। কাজল রেখায় অভিনয় করেছেন একঝাঁক তারকা। এতে আরো অভিনয় করেছেন রাফিয়াথ রশিদ মিথিলা, শরিফুল রাজ, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, খায়রুল বাশারসহ অনেকে।

২০১৯ সালের এপ্রিলে অপূর্বর সঙ্গে টু বি ওয়াইফ নাটকের মধ্য দিয়ে অভিনয়ে অভিষেক সাদিয়া আয়মানের। সাড়ে তিন বছরের ক্যারিয়ারে নাটক, ওয়েব ফিল্ম ও ওয়েব সিরিজে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন সাদিয়া। যদিও তার সূচনা বিজ্ঞাপনের মডেল হিসেবে।